রিপোর্টার

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন, পেনশন, বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা সহায়তা, টিফিন ও দায়িত্ব ভাতাসহ বিভিন্ন আর্থিক সুবিধায় পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী সাধারণ সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, নতুন পে স্কেল গত ১ জুলাই থেকে কার্যকর গণ্য হবে। ফলে বকেয়া অর্থ চলতি সেপ্টেম্বর মাসের বেতনের সঙ্গেই পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে গত ৩১ আগস্ট সরকারি কর্মচারীদের জন্য নবম পে স্কেল অনুমোদন দেয় মন্ত্রিসভা। নতুন কাঠামোতে সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন দ্বিগুণ করা হয়েছে। অন্যদিকে নিচের গ্রেডগুলোর মূল বেতন বেড়েছে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১ জুলাই ২০২৬ থেকে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা নতুন বেতন কাঠামোয় নির্ধারিত বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। একই সময় থেকে দশম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ পাবেন। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত এই হারে বেতন দেওয়া হবে।
এরপর ১ জানুয়ারি ২০২৭ থেকে ৩০ জুন পর্যন্ত প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৭০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৭৫ শতাংশ হারে পাবেন। সবশেষে ২০২৭ সালের ১ জুলাই থেকে বেতন বৃদ্ধির বাকি শতভাগ কার্যকর হবে। একই সময় থেকে বার্ষিক বেতন বৃদ্ধিও কার্যকর হবে।
তবে নতুন কাঠামোর অন্যান্য সব ভাতা ২০২৬ সালের ৩০ জুনে যে হারে দেওয়া হয়েছে, সেই হারেই ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। নতুন প্রজ্ঞাপনে নির্ধারিত ভাতার হার কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
১ম থেকে ২০তম গ্রেডে বেতন কত
নতুন বেতন কাঠামোতে গ্রেডভেদে সরকারি চাকরিজীবীদের প্রারম্ভিক মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রথম থেকে ১১তম গ্রেডে মূল বেতন ১০০ শতাংশ বাড়ানো হয়েছে। আর ১২তম থেকে ২০তম গ্রেডে বৃদ্ধির হার ১১৫ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত।
গ্রেড-১-এর প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। অন্যদিকে গ্রেড-২০-এর মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ২০ হাজার টাকা।
এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সমমর্যাদার পদে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। এতদিন এসব পদে মূল বেতন ছিল ৮৬ হাজার টাকা। জ্যেষ্ঠ সচিব ও সমমর্যাদার পদের বেতন ৮২ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৬৪ হাজার টাকা।
পেনশনেও বড় পরিবর্তন
নতুন কাঠামোতে পেনশনভোগীদের জন্যও পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে সর্বনিম্ন পর্যায়ের যারা ৯ হাজার টাকা পেনশন পান, তারা এখন পাবেন ১৮ হাজার টাকা। আর বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে যারা মাসে ৪০ হাজার এক টাকা বা এর বেশি পেনশন পান, তারা পাবেন ৭০ হাজার ২০০ টাকা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাসে ৯ হাজার টাকা বা এর কম নিট পেনশন গ্রহণকারীদের পেনশন বাড়বে ১০০ শতাংশ। ৯ হাজার এক টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন গ্রহণকারীদের ক্ষেত্রে বৃদ্ধি হবে ৭৫ শতাংশ। ২০ হাজার এক টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশন গ্রহণকারীদের ক্ষেত্রে ৬৫ শতাংশ এবং ৩০ হাজার এক টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশন গ্রহণকারীদের ক্ষেত্রে ৬০ শতাংশ বাড়বে।
অন্যদিকে ৪০ হাজার এক টাকা বা এর বেশি নিট পেনশন গ্রহণকারীদের ক্ষেত্রে নিট পেনশন বাড়বে ৫৫ শতাংশ।
গত ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকার ‘এক গ্রেড এক পেনশন’ পদ্ধতি চালুর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এই পদ্ধতি চালু করতে বিপুল অর্থ প্রয়োজন হবে। পাশাপাশি বেসামরিক কর্মচারীদের ক্ষেত্রে ২০১৯ সালের আগের অবসর গ্রহণকারীদের তথ্য না থাকায় এ পদ্ধতি পর্যায়ক্রমে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়ন করা হবে।
বাড়ি ভাড়ায় গ্রেড ও এলাকার ভিত্তিতে হার
নতুন প্রজ্ঞাপনে সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়ার হারও নির্ধারণ করা হয়েছে। এলাকা ও গ্রেডভেদে এ ভাতার পরিমাণ ভিন্ন হবে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গ্রেড-২০-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-১৬-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত বেতন পাওয়া চাকরিজীবীরা মূল বেতনের ৬০ শতাংশ হারে বাড়ি ভাড়া পাবেন। গ্রেড-১৫-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-১০-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত চাকরিজীবীরা পাবেন ৫০ শতাংশ।
এ ছাড়া গ্রেড-৯-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-৫-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত বেতন পাওয়া চাকরিজীবীরা মূল বেতনের ৪৫ শতাংশ হারে বাড়ি ভাড়া পাবেন। আর গ্রেড-৪-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের চাকরিজীবীরা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৪০ শতাংশ হারে বাড়ি ভাড়া পাবেন।
খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর, ময়মনসিংহ ও বগুড়া সিটি করপোরেশন এবং সাভার ও কক্সবাজার পৌর এলাকায় বাড়ি ভাড়ার হার কিছুটা কম রাখা হয়েছে। এসব এলাকায় গ্রেড-২০-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-১৬-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত বেতন পাওয়া চাকরিজীবীরা মূল বেতনের ৫০ শতাংশ হারে বাড়ি ভাড়া পাবেন।
চিকিৎসা ভাতা সর্বোচ্চ ৬ হাজার টাকা
চিকিৎসা ভাতাতেও নতুন বিধান রাখা হয়েছে। কর্মরত সরকারি চাকরিজীবীদের ৫০ বছর বয়স পর্যন্ত মাসিক ৩ হাজার টাকা এবং ৫০ বছর পার হলে মাসিক ৪ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়া হবে।
পেনশনভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের জন্য বয়সভেদে চিকিৎসা ভাতার পরিমাণ আরও বেশি নির্ধারণ করা হয়েছে। ৫০ বছর পর্যন্ত ৩ হাজার টাকা, ৫০ থেকে ৬০ বছর পর্যন্ত ৪ হাজার টাকা, ৬০ থেকে ৭০ বছর পর্যন্ত ৫ হাজার টাকা এবং ৭০ বছরের বেশি বয়সে মাসিক ৬ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়া হবে।
বাংলা নববর্ষ ভাতা ১৫ শতাংশ
নতুন বেতন কাঠামোয় সব কর্মচারী আহরিত মূল বেতনের ১৫ শতাংশ হারে বাংলা নববর্ষ ভাতা পাবেন। মাসিক নিট পেনশন গ্রহণকারী অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীরাও মূল পেনশনের ভিত্তিতে এ সুবিধা পাবেন।
সন্তানদের শিক্ষা সহায়তা
সরকারি চাকরিজীবীদের সন্তানদের জন্য শিক্ষা সহায়তা ভাতারও বিধান রাখা হয়েছে। সন্তানপ্রতি মাসে ৫০০ টাকা হারে এ ভাতা দেওয়া হবে। সর্বোচ্চ দুই সন্তানের জন্য মাসে ১ হাজার টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যাবে।
তবে স্বামী ও স্ত্রী উভয়েই সরকারি কর্মচারী হলে সন্তানের সংখ্যা যেকোনো একজনের ক্ষেত্রে গণনা করে ভাতার পরিমাণ নির্ধারণ করতে হবে। বয়সের সনদপত্র অনুযায়ী ২৩ বছর বয়স পর্যন্ত সন্তানের জন্য এ ভাতা প্রযোজ্য হবে।
টিফিন ও দায়িত্ব ভাতাও থাকছে
জাতীয় বেতনস্কেল ২০২৬-এর ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য মাসিক ৫০০ টাকা টিফিন ভাতা নির্ধারণ করা হয়েছে। তবে কোনো কর্মচারী প্রতিষ্ঠান থেকে দুপুরের খাবার বা খাবারের ব্যবস্থা পেলে তার ক্ষেত্রে এ ভাতা প্রযোজ্য হবে না।
এ ছাড়া চলতি বা অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মাসিক ১ হাজার ৫০০ টাকা দায়িত্ব ভাতা দেওয়ার বিধান রাখা হয়েছে।
পদোন্নতি না হলেও উচ্চতর গ্রেড
নতুন পে স্কেলে কোনো পদে টানা আট বছর চাকরি করার পর পদোন্নতি না পেলেও স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী উচ্চতর গ্রেডে যাওয়ার নতুন নিয়ম চালু করা হয়েছে।
এই সুবিধা পাওয়ার পর একই পদে আরও ছয় বছর পার করলে দ্বিতীয়বারের মতো উচ্চতর গ্রেড পাওয়া যাবে। তবে একটি পদে চাকরির পুরো সময়ে সর্বোচ্চ দুইবার এ সুবিধা গ্রহণ করা যাবে।
সরকারি চাকরি আইন ২০১৮-এর ক্ষমতাবলে জারি করা নতুন আদেশে বেতন নির্ধারণ, বার্ষিক বেতন বৃদ্ধি, পেনশন, বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা, টিফিনসহ বিভিন্ন ভাতা ও আর্থিক সুবিধার নতুন কাঠামো নির্ধারণ করা হয়েছে।
এর আগে সর্বশেষ জাতীয় পে স্কেল চালু হয়েছিল ২০১৫ সালে। তখন সেটিই ছিল সর্বোচ্চ বেতন বৃদ্ধির ঘটনা। ওই পে স্কেলে সর্বোচ্চ গ্রেডে মূল বেতন ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন গ্রেডে ১০১ শতাংশ বেড়েছিল। এবার নতুন কাঠামোয় গ্রেডভেদে মূল বেতন বৃদ্ধির হার ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন কাঠামোতে ২০টি গ্রেডের জন্য পৃথক বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে।
২ ঘণ্টা আগে

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ। তবে পাঁচ দিনের পূর্বাভাসের শেষদিকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৮ ঘণ্টা আগে

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা কার্যকরের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এতে নতুন বেতনকাঠামোকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ হিসেবে অভিহিত করা হয়েছে।
৮ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। নতুন আদেশটির নাম দেওয়া হয়েছে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’।
৮ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন–ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
৯ ঘণ্টা আগে

২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়সীমা আর বাড়ানো হবে না।
৯ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।
৯ ঘণ্টা আগে

দীর্ঘ অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে। এরই মধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে প্রজ্ঞাপন ছাপার কাজ চলছে।
১০ ঘণ্টা আগে

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে আজ সন্ধ্যার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে আরও শক্তিশালী হলে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এর নাম হবে ‘অর্ণব’। নামটি দিয়েছে বাংলাদেশ।
১০ ঘণ্টা আগে