
প্রয়োজনে হেঁটেও বাংলাদেশে প্রবেশ করতে প্রস্তুত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর ঘনিষ্ঠ সহযোগী আবু ওবায়দাহ অরিনের দাবি, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে হাসিনার। এ জন্য সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সম্ভাব্য নয়টি পথও চিহ্নিত করেছেন তাঁর সমর্থকেরা। তবে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরলেই তাঁকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। ফলে হাসিনার প্রত্যাবর্তনের পরিকল্পনা ঘিরে নতুন করে কূটনৈতিক চাপে পড়েছে ভারত।
বিবিসির এক প্রতিবেদনে হাসিনার দেশে ফেরার ঘোষণা, তাঁর সহযোগীদের পরিকল্পনা এবং এর সম্ভাব্য রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নতুন করে জটিল হয়ে উঠেছে। দুই দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা চললেও তাঁর সাম্প্রতিক বক্তব্য ও রাজনৈতিক তৎপরতা সেই উদ্যোগে বাধা তৈরি করছে।
হাসিনার ঘনিষ্ঠ সহযোগী আবু ওবায়দাহ অরিনের দাবি, ভারতের দিল্লি থেকে দেশে ফেরার জন্য বাংলাদেশ সরকারের কাছে বিমান পাঠানোর প্রত্যাশা করছেন সাবেক প্রধানমন্ত্রী। সেটি সম্ভব না হলে বাণিজ্যিক উড়োজাহাজ কিংবা স্থলসীমান্ত ব্যবহার করে দেশে ফেরার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।
অরিনের ভাষ্য অনুযায়ী, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম—এই পাঁচ রাজ্যের সঙ্গে বাংলাদেশের মোট ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। হাসিনার সমর্থকেরা এই সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সম্ভাব্য নয়টি পথ চিহ্নিত করেছেন।
অরিন বলেন, বিষয়টি নিয়ে পরিকল্পনা করা হয়েছে এবং একে হালকাভাবে দেখার সুযোগ নেই।
দেশে ফেরার পরিকল্পনা ও সরকারের অবস্থান
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলন ও অভ্যুত্থানের মুখে দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান হলে দেশ ছাড়েন ৭৯ বছর বয়সী শেখ হাসিনা। পরে তিনি ভারতে আশ্রয় নেন। সম্প্রতি তাঁর মুখপাত্র জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসেই দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।
বাংলাদেশের একটি আদালত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে ইতোমধ্যে হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। দেশের বাইরে থাকায় তাঁর অনুপস্থিতিতেই বিচার সম্পন্ন হয়। এ ছাড়া আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমও বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের অভ্যুত্থান চলাকালে হাসিনা সরকারের দমন-পীড়ন এবং নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন।
হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা। বাংলাদেশ সরকার বলেছে, তিনি দেশে ফিরলেই তাঁকে গ্রেপ্তার করা হবে। আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়েও সরকারের অবস্থান স্পষ্ট।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, বাস্তব পরিস্থিতি ও ব্যক্তিগত আকাঙ্ক্ষা এক নয়। হাসিনা সাধারণ কোনো বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন; তাঁকে হাতকড়া পরিয়েই দেশে ফিরিয়ে আনা সম্ভব।
গত বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসরণ করে পর্যালোচনা করা হচ্ছে। তবে তিনি যদি স্বেচ্ছায় দেশে ফিরতে চান, সেটি আলাদা বিষয় বলে জানিয়েছে দিল্লি।
হাসিনার প্রত্যাবর্তন ঘিরে আওয়ামী লীগের তৎপরতা
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়ে শুধু প্রত্যাবর্তনের ইচ্ছা প্রকাশ করেননি হাসিনা। এর মাধ্যমে বাংলাদেশের বর্তমান সরকারের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা, রাজনৈতিক আলোচনায় নিজের অবস্থান পুনরুদ্ধার এবং তাঁকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর মধ্যকার বিভক্তিকে কাজে লাগানোর চেষ্টা করছেন তিনি।
বিজয় দিবসকে দেশে ফেরার সম্ভাব্য দিন হিসেবে বেছে নেওয়ার পেছনে প্রতীকী রাজনৈতিক তাৎপর্যও রয়েছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে নিজের অবস্থান পুনরুদ্ধারের চেষ্টা হিসেবেও বিষয়টিকে দেখছেন অনেকে।
অরিনের দাবি, বিদেশে অবস্থান করেও গত কয়েক মাস ধরে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম সচল রাখার চেষ্টা করছেন হাসিনা। টেলিগ্রামে অডিও কথোপকথনের মাধ্যমে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি।
অরিনের ভাষ্য অনুযায়ী, গত ১৮ মাসে এ ধরনের ৩০০টির বেশি বৈঠক করেছেন হাসিনা। দেশের ৬৪ জেলা ও ৩০০ সংসদীয় আসনের নেতা-কর্মীদের সঙ্গে এসব আলোচনা হয়েছে। আওয়ামী লীগের ৭৮টি সাংগঠনিক ইউনিটের মাধ্যমে বৈঠকগুলো আয়োজন করা হয়। কোনো কোনো বৈঠক চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়েছে বলেও জানান তিনি।
অরিনের দাবি, এসব আলোচনায় মাঠপর্যায়ের নেতা-কর্মীদের অভিজ্ঞতা, অভিযোগ ও স্থানীয় পরিস্থিতি সম্পর্কে সরাসরি জানতে পারেন হাসিনা। এমনকি সীমান্ত থেকে রাজধানী ঢাকা পর্যন্ত ফেরার পথে ৫০ লাখ মানুষকে জড়ো করে মানববন্ধন গড়ে তোলার সাংগঠনিক সামর্থ্যও আওয়ামী লীগের রয়েছে বলে দাবি করেন তিনি।
তবে দলটির বর্তমান সাংগঠনিক অবস্থার সঙ্গে এই দাবির বাস্তবতা নিয়ে প্রশ্ন রয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটি মূলধারার রাজনীতি থেকে অনেকটাই বিচ্ছিন্ন। শীর্ষ নেতাদের বড় একটি অংশ দেশের বাইরে, কারাগারে অথবা আত্মগোপনে রয়েছেন। দলটির সমর্থকদের গ্রেপ্তারের পাশাপাশি নেতা-কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে।
এরপরও বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সমর্থকদের বিক্ষোভ ও সহিংস কর্মকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। দেশের কয়েকটি জেলায় বোমা হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাহিনীগুলোকে বিশেষ চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের সমর্থকেরা থানায় হামলা, যানবাহনে আগুন, বিএনপি নেতাদের বাড়ি ও কার্যালয়ে হামলা এবং মহাসড়ক অবরোধের মতো ঘটনা ঘটিয়েছেন। কোথাও গাছ কেটে, কোথাও টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
সংঘাত ও রাজনৈতিক সহিংসতা পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের (এসিএলইডি) তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগের সমর্থকেরা ৪০টি বিক্ষোভ ও ১৪০টির বেশি দাঙ্গার ঘটনায় জড়িত ছিলেন। সংস্থাটির হিসাবে, চলতি মাসে রাজনৈতিক সহিংসতায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন বেসামরিক নাগরিক। নিহতদের ছয়জনের মৃত্যু চলমান অস্থিরতার সঙ্গে সরাসরি সম্পর্কিত বলে জানিয়েছে সংস্থাটি।
তবে সহিংসতা ঘটানোর সক্ষমতা থাকলেই কোনো রাজনৈতিক দলের ব্যাপক পুনরুত্থান ঘটেছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। বাংলাদেশের অনেকের মধ্যেই হাসিনার সত্যিকারের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে সংশয় রয়েছে। তাঁদের ধারণা, হতাশ হয়ে পড়া দলীয় নেতা-কর্মীদের মনোবল বাড়াতেই তিনি ফেরার ঘোষণা দিয়েছেন।
তারপরও রাজনৈতিক আলোচনায় আওয়ামী লীগের ফিরে আসাকে দলটির জন্য একধরনের সাফল্য হিসেবে দেখছেন পর্যবেক্ষকেরা। অভ্যুত্থানের পরপরই দলটির নাম প্রকাশ্যে উচ্চারণ করা অনেকের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছিল। কিন্তু এখন দলটির ভবিষ্যৎ ও রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা হচ্ছে।
ডেইলি ওয়াদার সম্পাদক এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলমের মতে, অভ্যুত্থানের সময় গড়ে ওঠা রাজনৈতিক ঐক্যের দুর্বলতাকে কাজে লাগানোর চেষ্টা করছে আওয়ামী লীগ।
বিবিসিকে তিনি বলেন, জুলাই সনদ, সংবিধান সংস্কারের প্রস্তাব এবং গণভোটের মতো বিষয় নিয়ে মতপার্থক্যের কারণে বিএনপি, জামায়াতে ইসলামী ও তরুণদের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে দূরত্ব বেড়েছে। জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর এই বিভক্তি এবং দুর্বল পুলিশ বাহিনীর পরিস্থিতিকে আওয়ামী লীগ রাজপথে ফেরার সুযোগ হিসেবে দেখছে বলে মনে করেন তিনি।
বিশ্লেষকদের আশঙ্কা, হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান শক্তিশালী হওয়ার পরিবর্তে নতুন করে বিরোধ ও সংঘাত ছড়িয়ে পড়তে পারে। সরকার সাম্প্রতিক কিছু বিচ্ছিন্ন সহিংসতার ঘটনাকে সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করছে।
হাসিনাকে ঘিরে দিল্লির কূটনৈতিক হিসাব-নিকাশ
হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে অস্বস্তি তৈরি হয়েছে। তাঁর প্রকাশ্য বক্তব্য ও রাজনৈতিক তৎপরতায় ক্ষুব্ধ ঢাকা বারবার প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে। অন্যদিকে বাণিজ্য, সীমান্ত নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে দিল্লি। কিন্তু এসব উদ্যোগের পরও দুই দেশের মধ্যে আস্থার সংকট কাটেনি।
সম্পর্কের শীতলতার একটি দৃষ্টান্ত হিসেবে প্রধানমন্ত্রী হওয়ার প্রায় ১০ মাস পরও তারেক রহমানের ভারত সফর না করার বিষয়টি সামনে এসেছে। সংবাদমাধ্যমে এর আগে আগস্টে তাঁর ভারত সফরের সম্ভাবনার কথা প্রকাশিত হয়েছিল। কিন্তু দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নতুন করে বাধার মুখে পড়ে।
লন্ডনের সোয়াস ইউনিভার্সিটির রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অবিনাশ পালিওয়ালের মতে, হাসিনার সর্বশেষ দেশে ফেরার ঘোষণা দুই দেশের পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। এতে সিদ্ধান্ত নেওয়ার চাপ দিল্লির পরিবর্তে ঢাকার ওপর বেশি পড়েছে।
পালিওয়ালের ভাষ্য, গত ১০ মাসে তারেক রহমানের সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারত বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে মনে করে দিল্লি। মন্ত্রী পদমর্যাদার একজন রাজনীতিককে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া থেকে শুরু করে নিরাপত্তা ও বাণিজ্য বিষয়ে নতুন করে আলোচনার প্রস্তাব—সব ধরনের প্রচেষ্টাই চালানো হয়েছে বলে ভারতের ধারণা।
তবে এসব উদ্যোগ প্রত্যাশিত ফল না দেওয়ায় বাংলাদেশের প্রতি ভারতের হতাশা বেড়েছে বলে মনে করেন তিনি। তাঁর মতে, দুই দেশের সম্পর্ক যে উত্তেজনাপূর্ণই থাকবে, দিল্লি হয়তো এখন এমন ধারণা থেকে সিদ্ধান্ত নিচ্ছে। এ কারণে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করা থেকে হাসিনাকে বিরত রাখার প্রয়োজনীয়তা ভারত ততটা অনুভব করছে না।
পালিওয়ালের ধারণা, ভারত চাইলে নিজের ভূখণ্ডে অবস্থানরত হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ সীমিত করতে পারে। কিন্তু দিল্লি হয়তো সেই ক্ষমতা প্রয়োগে আগ্রহী নয়। একই সঙ্গে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে পুরোপুরি বাদ পড়ে যেতে দেওয়াও ভারতের দীর্ঘমেয়াদি স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করেন তিনি।
তবে ভারতের এই অবস্থান নিয়ে বাংলাদেশে প্রশ্ন বাড়ছে। শফিকুল আলমের মতে, বাংলাদেশে এমন ধারণা রয়েছে যে আওয়ামী লীগকে আবার রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে চায় ভারত। কিন্তু দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে দিল্লির অগ্রগতি সীমিত।
তিনি বলেন, হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ছাড়াও বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের সুবিধা দিতে পারে—এমন ট্রানজিট সুবিধা ভারত পুনরায় চালু করেনি। অন্যদিকে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে এলেও এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি নেই। এসব উদ্যোগের অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষের আস্থা অর্জনে ভারত কতটা কার্যকর পদক্ষেপ নিয়েছে, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
শফিকুল আলমের ভাষ্য, এখন পর্যন্ত পর্যটন ও চিকিৎসা ভিসা চালু হয়েছে। বাকি বিষয়গুলো এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
ঢাকাভিত্তিক এক পররাষ্ট্রনীতি বিশ্লেষক নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে বলেন, বাংলাদেশ ও ভারত এখনো পারস্পরিক হতাশার বৃত্তে আটকে রয়েছে। তাঁর মতে, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে হাসিনা এখন সবচেয়ে বড় অমীমাংসিত বিষয়গুলোর একটি। তবে তাঁকে কেন্দ্র করে আটকে না থেকে সামনে এগোনোর পথও খুঁজে বের করা প্রয়োজন।
কী হতে পারে ভারতের জন্য গ্রহণযোগ্য সমাধান
অবিনাশ পালিওয়ালের মতে, ভারতের দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনায় তুলনামূলক কম ক্ষতিকর পরিস্থিতি হতে পারে, যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে নতুন করে বিচারের মুখোমুখি হন এবং আওয়ামী লীগ ভিন্ন নেতৃত্বের অধীনে রাজনৈতিকভাবে পুনর্গঠিত হওয়ার সুযোগ পায়। এতে নিজেদের দীর্ঘমেয়াদি স্বার্থ ও অবস্থান রক্ষার জন্য ভারতেরও কিছুটা সুযোগ তৈরি হতে পারে বলে মনে করেন তিনি।
তবে আগামী ১৬ ডিসেম্বর হাসিনা সত্যিই দেশে ফিরবেন কি না, তা এখনো অনিশ্চিত। নাম প্রকাশ না করার শর্তে ঢাকার ওই পররাষ্ট্রনীতি বিশ্লেষক মনে করেন, শেষ মুহূর্তে তাঁর দেশে ফেরার পরিকল্পনা আবারও পিছিয়ে যেতে পারে।
এসিএলইডির দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্লেষক পার্ল পান্ডিয়ারও ধারণা, হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কম। কারণ, দেশে ফিরলে তাঁকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে। তবে তাঁর ফেরার ঘোষণা যে সমর্থকদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে, সেটি স্পষ্ট বলে মনে করেন তিনি।
সব মিলিয়ে হাসিনার দেশে ফেরার ঘোষণা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি ভারত-বাংলাদেশ সম্পর্কের জটিলতাও বাড়িয়েছে। প্রত্যর্পণ, আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং দুই দেশের পারস্পরিক আস্থার সংকট—সবকিছু মিলিয়ে দিল্লি ও ঢাকার সামনে এখন কঠিন কূটনৈতিক সমীকরণ।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে পারেন বলে দাবি করেছেন তার ঘনিষ্ঠ সহযোগীরা। এ লক্ষ্যে ভারত-বাংলাদেশ সীমান্তের ৯টি সম্ভাব্য প্রবেশপথ চিহ্নিত করেছেন ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সমর্থকেরা। দিল্লি থেকে বিশেষ উড়োজাহাজের ব্যবস্থা করা সম্ভব না হলে বাণিজ্যিক ফ্লাইট কিংবা স্থলপথে দেশে ফেরার বিকল্প পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। এমনকি প্রয়োজনে পায়ে হেঁটে সীমান্ত পার হওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে।
৪ ঘণ্টা আগে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয় নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে বুধবার (২৫ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন।
১ দিন আগে

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়নকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
১ দিন আগে

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) এবং দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়নের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাত থেকে ১০ মিনিট ৩৭ সেকেন্ডের ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
২ দিন আগে

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহ এবং ফ্লাইটের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগের উদ্যোগও নিয়েছেন তিনি। তবে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নতুন করে আলোচনার মধ্যে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বেচ্ছায় নিজ দেশে ফিরে আসার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধের চেয়ে আলাদা।
২ দিন আগে

ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে স্প্রে মেশিন বিতরণ করেছেন মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর শরীফ। তাঁর ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বামনসুন্দর দারোগারহাট সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে এসব স্প্রে মেশিন বিতরণ করা হয়।
২ দিন আগে

ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা করছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তার মুখপাত্র। দেশে ফেরার বিষয়ে এবারই প্রথম নির্দিষ্ট তারিখ জানালেন শেখ হাসিনা। তার এ পরিকল্পনা বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
৩ দিন আগে

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর চালানো হয়েছে।
৩ দিন আগে

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত আওয়ামী লীগ নেতা মো. আব্দুস সালাম ওরফে টেডন সালাম। সরকার পরিবর্তনের পর আত্মগোপনে থাকলেও তার রাজনৈতিক তৎপরতা থেমে নেই বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, এখনো আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে মিছিল করানো এবং এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে বিভিন্ন খাতে অর্থ ব্যয় করছেন তিনি।
৫ দিন আগে