
রিপোর্টার

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতে নতুন কমিটি গঠনের আলোচনা আবারও জোরালো হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে পরিচালিত এসব সংগঠনের পদপ্রত্যাশীরা এখন তাকিয়ে আছেন কেন্দ্রের সিদ্ধান্তের দিকে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা আসছেন, তা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে চলছে নানা হিসাবনিকাশ, আলোচনা ও তৎপরতা। তবে নতুন কমিটি গঠনের কথা শোনা গেলেও এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় পদপ্রত্যাশীদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে।
যুবদল ছাড়া বিএনপির প্রায় সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। কোনো সংগঠনে তিন বছর, কোনো সংগঠনে পাঁচ বছর, আবার কোনো ক্ষেত্রে এক যুগেরও বেশি সময় ধরে একই কমিটি দায়িত্ব পালন করছে। দীর্ঘদিন ধরে নতুন নেতৃত্ব না আসায় সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রমেও স্থবিরতা তৈরি হয়েছে বলে নেতাকর্মীদের অনেকে মনে করছেন। একই সঙ্গে নতুন নেতৃত্ব তৈরির সুযোগও সংকুচিত হয়ে পড়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির অঙ্গ ও সহযোগী ১১টি সংগঠনের মধ্যে ১০টির কমিটিই বর্তমানে মেয়াদোত্তীর্ণ। দলীয় গঠনতন্ত্রে প্রতি তিন বছর পর নতুন কমিটি গঠনের বিধান থাকলেও দীর্ঘদিন ধরে তা বাস্তবায়িত হয়নি। এর ফলে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতৃত্বের স্বাভাবিক পরিবর্তন ও ধারাবাহিকতা বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় পদপ্রত্যাশী নেতাকর্মীদের মধ্যে হতাশাও ক্রমে বাড়ছে।
নতুন নেতৃত্বের প্রত্যাশা, কিন্তু সিদ্ধান্তের অপেক্ষা
বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নতুন কমিটি গঠনের বিষয়টি অনেক দিন ধরেই আলোচনায় রয়েছে। সম্প্রতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে পৃথকভাবে বৈঠক করে অনানুষ্ঠানিকভাবে তাদের বিদায় জানিয়েছেন। এ ঘটনাকে নতুন করে সাংগঠনিক পুনর্গঠনের সম্ভাবনার ইঙ্গিত হিসেবে দেখছেন নেতারা।
এর পর থেকেই সম্ভাব্য নতুন নেতৃত্ব নিয়ে অঙ্গসংগঠনগুলোর ভেতরে তৎপরতা বেড়েছে। কে সভাপতি হবেন, কে সাধারণ সম্পাদক হবেন এবং গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা জায়গা পাবেন—এসব নিয়ে পদপ্রত্যাশীদের মধ্যে চলছে আলোচনা। কেউ কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন, আবার কেউ নিজেদের অবস্থান শক্ত করতে সাংগঠনিক যোগাযোগ বাড়াচ্ছেন। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় প্রত্যাশা অনেকটাই অপেক্ষায় পরিণত হয়েছে।
নেতাকর্মীদের একটি বড় অংশের ধারণা, নতুন কমিটি গঠন করা হলে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সংগঠনগুলোতে নতুন গতি ফিরবে। মাঠপর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় করা যাবে এবং নতুন নেতৃত্বের মাধ্যমে তৃণমূলের সঙ্গে কেন্দ্রের দূরত্বও কমানো সম্ভব হবে। দীর্ঘ সময় কমিটি না হওয়ায় অনেকে সাংগঠনিক কর্মকাণ্ড থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন। আবার অনেকে এখনো কেন্দ্রীয় সিদ্ধান্তের আশায় কাজ চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ মঙ্গলবার বলেন, শিগ্গিরই অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নতুন কমিটি আসবে। পুনর্গঠনের কার্যক্রম চলছে।
যেসব সংগঠনে দীর্ঘদিন নতুন কমিটি হয়নি
বিএনপির অঙ্গসংগঠনগুলোর মধ্যে রয়েছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, মুক্তিযোদ্ধা দল, জাসাস ও ওলামা দল। অন্যদিকে জাতীয়তাবাদী ছাত্রদল ও শ্রমিক দল দলটির সহযোগী সংগঠন। তবে এসব সংগঠনের অধিকাংশেরই পূর্ণাঙ্গ গঠনতন্ত্র নেই। ছাত্রদলের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র ৪৮ বছরেও তৈরি হয়নি। ফলে বিভিন্ন মেয়াদোত্তীর্ণ কমিটিই দীর্ঘ সময় ধরে সংগঠনগুলোর নেতৃত্ব দিয়ে আসছে।
বিএনপির প্রধান যুব অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের আগে। ওই কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়। পরে চলতি বছরের ৪ জুন ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বর্তমানে সংসদ-সদস্য।
২০২২ সালের ৪ সেপ্টেম্বর এসএম জিলানীকে সভাপতি এবং রাজীব আহসানকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল। সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটির মেয়াদ তিন বছর। সেই হিসাবে গত বছরের সেপ্টেম্বরে ওই কমিটির মেয়াদ শেষ হয়েছে। এরপরও পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করা সম্ভব হয়নি। সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই সংসদ-সদস্য। রাজীব আহসান বর্তমানে সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সংগঠনের নেতারা বলছেন, সরকারি দায়িত্ব বেড়ে যাওয়ায় সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষে আগের মতো সাংগঠনিক কর্মকাণ্ডে সময় দেওয়া কঠিন হয়ে পড়েছে। এতে তৃণমূলেও নতুন নেতৃত্বের প্রত্যাশা তৈরি হয়েছে।
২০২১ সালের সেপ্টেম্বরে হাসান জাফির তুহিনকে সভাপতি এবং শহিদুল ইসলাম বাবুলকে সাধারণ সম্পাদক করে কৃষক দলের কমিটি গঠন করা হয়। তিন বছর মেয়াদি এই কমিটির মেয়াদ দুই বছর আগেই শেষ হয়েছে। শহিদুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ-সদস্য। হাসান জাফির তুহিনও সরকারের একটি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে ২০২৪ সালের মার্চে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাছির উদ্দিন নাছিরকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। ফলে সংগঠনটির পুনর্গঠনের দাবিও অনেক আগে থেকেই উঠেছে।
মহিলা দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল ২০১৬ সালের সেপ্টেম্বরে। ওই কমিটিতে আফরোজা আব্বাসকে সভাপতি এবং সুলতানা আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর কাউন্সিল হওয়ার কথা থাকলেও প্রায় ১০ বছর ধরে একই কমিটি দিয়ে সংগঠনটি চলছে।
মুক্তিযোদ্ধা দলের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৩ সালের ডিসেম্বরে। ওই কাউন্সিলের মাধ্যমে ইশতিয়াক আজিজ উলফাত সভাপতি এবং সাদেক খান সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। এরপর এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও নতুন কমিটি গঠন করা হয়নি।
জাতীয়তাবাদী শ্রমিক দলের সর্বশেষ জাতীয় কাউন্সিল হয় ২০১৪ সালের এপ্রিলে। আনোয়ার হোসাইন ও নূরুল ইসলাম খান নাসিমের নেতৃত্বে তখন সংগঠনটির কমিটি গঠন করা হয়। ২০১৬ সালে ওই কমিটির মেয়াদ শেষ হলেও এরপর আর নতুন কাউন্সিল অনুষ্ঠিত হয়নি।
মৎস্যজীবী দলের ক্ষেত্রে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে রফিকুল ইসলাম মাহতাবকে আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা আব্দুর রহিমকে সদস্যসচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। ২০২৪ সালের আগস্টে রফিকুল ইসলাম মারা যান। পরে একই বছরের ২৩ সেপ্টেম্বর সংগঠনটির কমিটি বিলুপ্ত করা হয়। এরপর আর নতুন কোনো কমিটি দেওয়া হয়নি।
খোঁজ নিয়ে অন্যান্য অঙ্গসংগঠনের ক্ষেত্রেও প্রায় একই ধরনের পরিস্থিতির কথা জানা গেছে।
দ্রুত কমিটি গঠনের দাবি তৃণমূলে
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাসান বলেন, ‘আমরা সবাই নতুন কমিটির অপেক্ষা করছি। তবে কমিটি পুনর্গঠনের বিষয়টি দীর্ঘ হয়ে যাচ্ছে। কেন্দ্র থেকে তৃণমূলকে সুসংগঠিত ও সংগঠনকে গতিশীল করতে দ্রুত কমিটির প্রয়োজন।’
তৃণমূলের নেতাকর্মীদের দাবি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে সক্রিয় করতে দ্রুত মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন নেতৃত্ব দিতে হবে। সম্মেলনের মাধ্যমে যোগ্য, ত্যাগী ও সক্রিয় নেতাদের নেতৃত্বে আনার দাবিও জানিয়েছেন অনেকে।
তাদের মতে, ক্ষমতাসীন দলের জন্য সাংগঠনিক শক্তি ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরোধী দল কিংবা ক্ষমতার বাইরে থাকার সময়ে আন্দোলন ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের মাঠে সক্রিয় রাখা সম্ভব হলেও ক্ষমতায় থাকার সময়ে সংগঠনের নিয়মিত কর্মকাণ্ডে স্থবিরতা তৈরি হলে নেতাকর্মীদের সঙ্গে নেতৃত্বের দূরত্ব বাড়তে পারে।
এ কারণে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পদপ্রত্যাশীরা এখন দ্রুত সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন। নতুন কমিটি কবে ঘোষণা হবে এবং গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা আসবেন এ নিয়েই দলটির বিভিন্ন পর্যায়ে চলছে অপেক্ষা ও নানা আলোচনা।

‘পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন দেশ সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে সরকারি বাঙলা কলেজ ছাত্রদল।
১ ঘণ্টা আগে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে এবার নতুন করে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। ঢাকার দুই সিটি করপোরেশনে নিয়োগ-পদায়ন বাণিজ্য, বিভিন্ন সিটি করপোরেশনের টেন্ডার থেকে কমিশন নেওয়া এবং বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের মতো অভিযোগের কথা বলা হয়েছে। এসব অভিযোগ যাচাই করে পৃথক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২ ঘণ্টা আগে

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
২ ঘণ্টা আগে

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৩ ঘণ্টা আগে

সিলেটের বিশ্বনাথে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা মন্তব্যকে কেন্দ্র করে এক ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। হামলায় আহত আবদুল মজিদ বকুল বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযুক্ত শামীম আহমদ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
২ দিন আগে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
৩ দিন আগে

জাতীয় সংসদে ব্যাংক রেজুলেশন (সংশোধন) বিল, ২০২৬ নিয়ে আলোচনা করতে গিয়ে বিএনপি ও সরকারের নানা বিষয়ে তীব্র মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তার বক্তব্যে বিএনপির আমলে গ্যাস-বিদ্যুৎ ও সার সংকট, দুর্নীতি এবং ঋণখেলাপির প্রসঙ্গ উঠে আসার পর সরকারি দলের সংসদ সদস্যরা হৈ-চৈ শুরু করেন। পরে পরিস্থিতি সামাল দিতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান।
৩ দিন আগে

আওয়ামী লীগের চলমান রাজনৈতিক সংকটের মধ্যেই সজীব ওয়াজেদ জয়ের ইতালির ভেনিস সফরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভেনিসে তাঁর হাসিখুশি ও অবকাশযাপনের ছবি-ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ তাঁকে দলের ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য মুখ হিসেবে তুলে ধরছেন। তবে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে সমালোচনা ও নানা প্রশ্ন।
৪ দিন আগে

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই রায়ে দেশে তাঁর নামে থাকা সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নির্দেশের পরই সামনে এসেছে শেখ হাসিনার নামে দেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ এবং সেগুলো কীভাবে বাজেয়াপ্ত হবে, তা নিয়ে নতুন আলোচনা।
৫ দিন আগে