
রিপোর্টার

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি আবারও আলোচনার কেন্দ্রে। তবে এবার নতুন কোনো সিনেমা কিংবা ব্যক্তিগত জীবনের কারণে নয়, বরং নিজের সন্তানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা ট্রল, কটূক্তি এবং রাজনৈতিক অবস্থান নিয়ে দেওয়া দীর্ঘ বক্তব্যের কারণে। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে প্রকাশিত একটি ভিডিওতে আবেগঘন কণ্ঠে নিজের ক্ষোভ, কষ্ট এবং অবস্থান তুলে ধরেছেন তিনি। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
ভিডিওটির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘অসভ্য মুরাদ ও বিহারীদের গাত্রদাহ। সবাইকে একবার শুনার অনুরোধ জানাচ্ছি, এটা একটা নায়িকা না, একজন মায়ের অনুরোধ।’ এই বার্তার মধ্য দিয়েই তিনি স্পষ্ট করে দেন, একজন অভিনয়শিল্পী হিসেবে নয়, বরং একজন মা হিসেবেই তিনি তার বক্তব্য তুলে ধরতে চান।
ভিডিওর শুরুতেই সন্তানকে নিয়ে কটূক্তিকারীদের কঠোর ভাষায় সমালোচনা করেন মাহিয়া মাহি। তিনি বলেন, রাজনৈতিক মতভেদ বা মতের অমিল থাকতেই পারে, কিন্তু একটি নিষ্পাপ শিশুকে সেই বিরোধের অংশ বানানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন শিশুকে নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্য বা ট্রল কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
আবেগাপ্লুত কণ্ঠে মাহি বলেন, ‘আমার মনে হয় আপনারা মানুষ না, অমানুষ। যদি মানুষ হতেন, তাহলে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে কথা বলতেন না। একটা নারীকে এভাবে অসম্মান করতে পারতেন না। রাজনীতি একটা বিষয়, আর একটা শিশুকে নিয়ে ট্রল করা সম্পূর্ণ ভিন্ন বিষয়।’
তিনি আরও বলেন, ‘আপনারা আমার চরিত্র নিয়ে কথা বলছেন, যেটা আপনারা জানেন না। আবার আমার ছোট্ট সন্তানকেও ছাড়ছেন না। একটা মাসুম বাচ্চাকে নিয়ে ট্রল করছেন, বুলিং করছেন। আপনাদের ভয় করে না? আপনাদের আল্লাহর ভয় নেই?’
নিজের সন্তানের বিষয়ে কথা বলতে গিয়ে মাহি একজন মায়ের কষ্টের কথাও তুলে ধরেন। তিনি বলেন, পৃথিবীর প্রতিটি মা যেমন নিজের সন্তানকে সবচেয়ে সুন্দর মনে করেন, তেমনি তার কাছেও তার সন্তানই সবচেয়ে প্রিয়। তাই সন্তানকে নিয়ে কটূক্তি তাকে ভীষণভাবে আঘাত করেছে।
মাহির ভাষায়, ‘আমার বাচ্চা দেখতে যেমনই হোক, আমার কাছে সে রাজপুত্র। আমার সন্তানকে যেভাবে বুলিং করা হয়েছে, আল্লাহ সেটা সহ্য করবেন না। এটা একজন নায়িকা হিসেবে নয়, একজন মা হিসেবে বলছি।’
তিনি আরও বলেন, ‘আমি জানি কাউকে অভিশাপ দেওয়া ঠিক নয়। কিন্তু একজন মায়ের কষ্ট থেকে অনেক কথা বেরিয়ে আসে। তারপরও আমি চাই, যারা আমার সন্তানকে নিয়ে কটূক্তি করেছেন, আল্লাহ যেন তাদের সন্তানদের সুস্থভাবে পৃথিবীতে আনেন।’
ভিডিওতে নিজের রাজনৈতিক অবস্থান নিয়েও স্পষ্ট বক্তব্য দেন এই অভিনেত্রী। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল, সমালোচনা কিংবা অপমান করে কেউ তার বিশ্বাস কিংবা অবস্থান পরিবর্তন করাতে পারবে না।
মাহি বলেন, ‘আপনারা কি ভেবেছেন, আমাকে বুলিং করলে আমি আওয়ামী লীগ নিয়ে কথা বলব না? শেখ হাসিনাকে নিয়ে কথা বলব না? তা কখনো হবে না। আমি শেখ হাসিনার কথা বলব, স্বাধীনতার কথা বলব, বাংলার মানুষের কথা বলব।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে মাহি বলেন, তিনি ব্যক্তিগতভাবে তাকে ভালোবাসেন এবং তার প্রতি নিজের সম্মান ও সমর্থনের জায়গা থেকে কথা বলে যাবেন।
তার ভাষায়, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ভালোবাসি। তার জন্য যদি রাস্তায় নেমে জীবনও দিতে হয়, আমি দেব। তিনি সব সময় শিল্পীদের রাজনীতির ঊর্ধ্বে রেখেছেন। শিল্পীরা কোন দল করেন, সেটা না দেখে তাদের পাশে দাঁড়িয়েছেন।’
ভিডিওতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানুর একটি বক্তব্যের প্রসঙ্গও উল্লেখ করেন মাহি। তার দাবি, শিবা সানু নিজেও বলেছিলেন, অসুস্থ অবস্থায় শেখ হাসিনা তাকে আর্থিক সহায়তা দিতে চেয়েছিলেন। এই উদাহরণ তুলে ধরে মাহির বক্তব্য, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে শিল্পীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন শেখ হাসিনা।
শুধু শিবা সানু নন, বিভিন্ন সময়ে অসুস্থ শিল্পী, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা-অভিনেত্রী, একুশে পদকপ্রাপ্ত গুণীজন, চিকিৎসার প্রয়োজন কিংবা মরদেহ দেশে আনার ক্ষেত্রেও অনেক শিল্পীকে সহায়তা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তার মতে, এসব সহযোগিতার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়নি।
ভিডিওতে দেশের শিল্পীদের প্রতিও আহ্বান জানান মাহিয়া মাহি। তিনি বলেন, সমাজে অন্যায় হলে শিল্পীদের নীরব থাকা উচিত নয়। কারণ সাধারণ মানুষের তুলনায় একজন শিল্পীর বক্তব্য অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যায় এবং সমাজে প্রভাব ফেলে।
মাহির ভাষায়, ‘আপনারা কথা বলতে না পারলেও অন্তত অন্যায় দেখলে প্রতিবাদ করুন। একজন সাধারণ মানুষের কথা যতটা না ছড়ায়, একজন শিল্পীর একটি পোস্ট বা একটি বক্তব্য তার চেয়ে অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যায়। তাই দেশের মানুষের স্বার্থে শিল্পীদের নীরব না থেকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো উচিত।’
তিনি আরও বলেন, ‘আজ যারা অন্যায়ের শিকার হচ্ছেন, তাদের পাশে দাঁড়ানো প্রত্যেক শিল্পীর দায়িত্ব। অন্তত প্রতীকীভাবে হলেও প্রতিবাদ করা উচিত।’
ভিডিওর শেষদিকে আবারও সমালোচকদের উদ্দেশে নিজের অবস্থান স্পষ্ট করেন মাহিয়া মাহি। তিনি বলেন, ব্যক্তিগতভাবে তাকে যতই অপমান করা হোক কিংবা তার পরিবারকে নিয়ে যত সমালোচনাই করা হোক, নিজের বিশ্বাস থেকে তিনি সরে আসবেন না।
তার ভাষায়, ‘আপনারা আমাকে যত খুশি অপমান করুন, আমার চৌদ্দগোষ্ঠী উদ্ধার করুন, তবুও আমি শেখ হাসিনার কথা বলব, স্বাধীনতার কথা বলব, বাংলার মানুষের কথা বলব। আমার অবস্থান বদলাবে না।’
উল্লেখ্য, সম্প্রতি আওয়ামী লীগের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে নিয়ে একাধিক ভিডিও প্রকাশ করে বিভিন্ন অভিযোগ তুলেছিলেন মাহিয়া মাহি। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই নতুন ভিডিওতে তিনি ব্যক্তিগত অভিজ্ঞতা, সন্তানকে নিয়ে ট্রল, রাজনৈতিক অবস্থান এবং দেশের শিল্পীদের ভূমিকা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

জন্মদিনের অনুষ্ঠানে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমণি। ভিডিওতে ড্যান্স কোরিওগ্রাফার গোলাম হোসেন কিবরিয়ার সঙ্গে গানের তালে নাচতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের নানা মন্তব্য ও প্রতিক্রিয়া আসছে।
৩ দিন আগে

শাড়ি নিয়ে একের পর এক অভিযোগ, মামলা ও আইনি জটিলতার মধ্যে নিজের দীর্ঘদিনের সম্মান, ক্যারিয়ার ও অর্জন ধ্বংসের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন অভিনেত্রী তানজিন তিশা। তাঁর বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা একটি মামলায় আদালত সমন জারি করেছেন। আগামী ২৩ নভেম্বর তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৫ দিন আগে

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি আবারও আলোচনায়। এবার বিতর্ক নয়, শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর সাজে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন এই অভিনেত্রী। নতুন লুকে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তা ঘিরে শুরু হয়েছে আলোচনা।
১৯ অক্টোবর ২০২৬

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও শুরু হয়েছে আলোচনা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে এসে ভিডিওটি নিয়ে কথা বলেন তিনি। এ সময় সমালোচকদেরও কড়া জবাব দেন পরীমণি।
১৭ অক্টোবর ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যা ও আপত্তিকর কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার মতে, কাউকে বিব্রত বা হেয় করার উদ্দেশ্যে তৈরি এমন কনটেন্ট কোনোভাবেই বিনোদন হতে পারে না, বরং এটি অপরাধ। একই সঙ্গে এসব কনটেন্টে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে ছড়িয়ে দেওয়ার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
১৫ অক্টোবর ২০২৬

বিনোদন ডেস্ক: মারা গেছেন মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান। ‘দ্য স্টিং’ ও ‘জ্যানাডু’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয়ের পাশাপাশি ‘স্টার ট্রেক’ সিরিজের বিভিন্ন পর্বে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
২৩ সেপ্টেম্বর ২০২৬

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেলকে বাদ দেওয়া হয়েছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি পাভেলের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যেই নির্মাতা কাজল আরেফিন অমির প্রকাশ করা একটি তালিকায় পাভেলের নাম না থাকায় নতুন করে বিষয়টি আলোচনায় এসেছে।
১৯ সেপ্টেম্বর ২০২৬

ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে। প্রায় ৪৫ সেকেন্ডের ওই ভিডিওকে ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও মন্তব্য শুরু হয়েছে। তবে ভিডিওটি সত্যিই পাভেলের কি না, কিংবা এটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
১৭ সেপ্টেম্বর ২০২৬

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার পর দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফেরার পর তিনি ওই ঘটনার বিস্তারিত তুলে ধরেন। বাঁধনের দাবি, মেস্ত্রে শহরে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রবাসী কর্মীদের হাতে তিনি লাঞ্ছিত হন।
১৪ সেপ্টেম্বর ২০২৬