
সিনিয়ার রিপোর্টার

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো জারি করেছে সরকার। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ অনুযায়ী ২০টি গ্রেড বহাল রেখে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে।
তবে নতুন বেতন একবারে পুরোপুরি কার্যকর হচ্ছে না। বর্ধিত মূল বেতন তিন ধাপে কার্যকর করা হবে। পাশাপাশি বাড়িভাড়াসহ বেশ কিছু ভাতা নতুন হারে কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
তিন ধাপে বাড়বে মূল বেতন
নতুন বেতন কাঠামো অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। একই সময়ে দশম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা বর্ধিত অংশের ৫০ শতাংশ পাবেন।
এরপর ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের জন্য বর্ধিত অংশের ৭০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডের জন্য ৭৫ শতাংশ কার্যকর হবে।
সবশেষে ২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন মূল বেতনের শতভাগ কার্যকর হবে। এর সঙ্গে নিয়মিত বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্টও যুক্ত হবে।
২০তম গ্রেডে মোট বেতন ৩৩ হাজারের বেশি
নতুন কাঠামোয় ২০তম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। এর সঙ্গে চিকিৎসা, যাতায়াত, টিফিন, মুঠোফোন ও বাড়িভাড়াসহ বিভিন্ন সুবিধা যুক্ত হলে জেলা ও উপজেলা পর্যায়ে মোট বেতন ৩৩ হাজার ২৫০ টাকা এবং ঢাকায় ৩৬ হাজার ২৫০ টাকা পর্যন্ত হতে পারে।
অন্যদিকে বিশেষ মর্যাদার পদে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা এবং জ্যেষ্ঠ সচিবদের মূল বেতন ১ লাখ ৬৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বাড়িভাড়া কার্যকর হবে ২০২৮ সালে
নতুন বেতন কাঠামোয় কর্মস্থল ও গ্রেড অনুযায়ী বাড়িভাড়া ভাতার হার নির্ধারণ করা হয়েছে। তবে নতুন হারে এই ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। তার আগে প্রচলিত হারেই বাড়িভাড়া দেওয়া হবে।
ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১৬ থেকে ২০তম গ্রেডের জন্য মূল বেতনের ৬০ শতাংশ, ১০ম থেকে ১৫তম গ্রেডে ৫০ শতাংশ, ৫ম থেকে ৯ম গ্রেডে ৪৫ শতাংশ এবং ১ম থেকে ৪র্থ গ্রেডে ৪০ শতাংশ হারে বাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে।
আট বছর পর উচ্চতর গ্রেডের সুযোগ
নতুন আদেশে একই পদে আট বছর চাকরি পূর্ণ করার পর উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মচারীর চাকরির রেকর্ড সন্তোষজনক হতে হবে। নির্ধারিত শর্ত পূরণ হলে নবম বছরে পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন পাওয়ার সুযোগ থাকবে।
পেনশনেও থাকছে বড় পরিবর্তন
নতুন বেতন কাঠামোর আওতায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশনও বাড়ানো হয়েছে। ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে পেনশন ১০০ শতাংশ বাড়িয়ে ১৮ হাজার টাকা করা হবে।
৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশনের ক্ষেত্রে সর্বোচ্চ ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে। এ হিসাবে সর্বোচ্চ নিট পেনশন ৭০ হাজার ২০০ টাকা পর্যন্ত হতে পারে।
বয়স অনুযায়ী পেনশনভোগীদের চিকিৎসা ভাতাও ৩ হাজার থেকে ৬ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
থাকছে আরও কিছু সুবিধা
নতুন কাঠামোয় বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা ভাতার বিধান রাখা হয়েছে। সর্বোচ্চ দুই সন্তানের জন্য শিক্ষা সহায়তার ব্যবস্থাও থাকছে।
এ ছাড়া পাহাড়ি, হাওর, চর ও দ্বীপ এলাকায় কর্মরত সরকারি কর্মচারীদের জন্য বিশেষ ভাতার বিধান রাখা হয়েছে।
অনলাইনে হবে বেতন নির্ধারণ
নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণ অনলাইনে করতে হবে। অর্থ বিভাগের আইবাস প্লাস প্লাস ব্যবস্থার ‘বেতন নির্ধারণ’ ব্যবস্থার মাধ্যমে নতুন বেতন নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
ফলে নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন ধাপে ধাপে বাড়লেও বিভিন্ন ভাতা ও অন্যান্য সুবিধার ক্ষেত্রে নির্ধারিত সময় অনুযায়ী কার্যকর হওয়ার অপেক্ষা করতে হবে।

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
৫ মিনিট আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা। এর আগের দিন ১৯ সেপ্টেম্বর ১ রিংগিতের বিনিময় হার ছিল ৩০ টাকা ৫ পয়সা।
১৪ মিনিট আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের সৌদি রিয়ালের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি ১ রিয়ালের বিনিময় হার ৩২ টাকা ৫৩ পয়সা। এর আগের দিন শনিবার (১৯ সেপ্টেম্বর) ১ রিয়ালের হার ছিল ৩২ টাকা ৮১ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের বিনিময় হার কমেছে।
৪৫ মিনিট আগে

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এ উপলক্ষে ২০২৬ সালের শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে

আট দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। ৬২০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পুনরায় চালু করা হয়। চালুর প্রথম দিন ইউনিটটি থেকে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
২৩ ঘণ্টা আগে

হিমালয় অঞ্চলে দ্রুত পরিবর্তন এবং হিমবাহ গলে যাওয়ার কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের জন্য বড় ধরনের প্রাকৃতিক ও পানিসংক্রান্ত ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন গবেষকরা। ঝুঁকির তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, আফগানিস্তান ও মিয়ানমার।
১ দিন আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে।
১ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন, পেনশন, বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা সহায়তা, টিফিন ও দায়িত্ব ভাতাসহ বিভিন্ন আর্থিক সুবিধায় পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী সাধারণ সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা।
১ দিন আগে