সিনিয়ার রিপোর্টার

নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়া, ভুয়া পরিচয়ে অংশ নেওয়া কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের ঘটনা ঠেকাতে নতুন করে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরের নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রার্থীর ছবি ও পরিচয় যাচাই থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্রে তল্লাশি এবং বায়োমেট্রিক শনাক্তকরণ পর্যন্ত বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে গত ১১ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশনা সংশ্লিষ্টদের মেনে চলার জন্য বলা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন নিয়োগ পরীক্ষায় কিছু পরীক্ষার্থী প্রক্সি বা ভুয়া পরীক্ষার্থীর মাধ্যমে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশ নিচ্ছে। আবার কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের সহায়তায়ও পরীক্ষায় অসদুপায় অবলম্বনের ঘটনা ঘটছে। এতে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা ব্যাহত হচ্ছে। এ কারণেই প্রক্সি পরীক্ষার্থী প্রতিরোধে ১২ দফা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনার শুরুতেই আবেদনপত্রে ব্যবহৃত ছবির বিষয়ে নির্দিষ্ট শর্ত দেওয়া হয়েছে। প্রার্থীকে আবেদন দাখিলের আগের এক মাসের মধ্যে তোলা সদ্য তোলা রঙিন ছবি ব্যবহার করতে হবে। পাশাপাশি লিখিত পরীক্ষা আয়োজনের আগে প্রার্থীর আবেদনপত্র ভালোভাবে যাচাই করে নিতে হবে।
পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময়ও কোনো ধরনের ছাড় রাখা হয়নি। স্মার্ট ঘড়িসহ ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ডিজিটাল হাতঘড়ি, ব্যাগ ও বই-পুস্তক নিয়ে পরীক্ষার্থীরা যেন পরীক্ষার হলে প্রবেশ করতে না পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কেন্দ্রের প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পরীক্ষার্থীদের তল্লাশি নিশ্চিত করতে বলা হয়েছে।
পরীক্ষা শুরু হওয়ার পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া যাবে না। একই সঙ্গে পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনরত কর্মকর্তাদেরও মোবাইল ফোন বা অন্য কোনো ডিজিটাল ডিভাইস ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে প্রবেশপত্র ও হাজিরা শিটের ছবি মিলিয়ে দেখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পরীক্ষার্থীর চেহারা ও রোল নম্বর যাচাই করে নিশ্চিত হওয়ার পর কেন্দ্র পরিদর্শনকারী কর্তৃপক্ষ উত্তরপত্রে স্বাক্ষর করবেন। কোনো পরীক্ষার্থী অনুপস্থিত থাকলে তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে হবে।
লিখিত পরীক্ষা পেরিয়ে মৌখিক পর্যায়েও প্রক্সি শনাক্তের ব্যবস্থা রাখা হয়েছে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর প্রবেশপত্র ও লিখিত পরীক্ষার উত্তরপত্রে থাকা হাতের লেখার সঙ্গে মিলিয়ে দেখতে হবে। প্রয়োজনে মৌখিক পরীক্ষার বোর্ডে সংশ্লিষ্ট প্রার্থীকে আবার একই ধরনের লেখা লিখতে দেওয়া হবে এবং তা উত্তরপত্রের লেখার সঙ্গে মিলিয়ে দেখা হবে।
এ ছাড়া লিখিত পরীক্ষায় অংশ নেওয়া সব পরীক্ষার্থীর ছবি তুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে, সম্ভব হলে। পরে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে সংরক্ষিত ছবিগুলো মিলিয়ে দেখতে হবে।
ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ক্ষেত্রে অবশ্য আরও কঠোর ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। এসব পরীক্ষায় অংশ নেওয়া প্রত্যেক প্রার্থীর ছবি তুলে সংরক্ষণ করতে হবে। এরপর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী চাকরিতে যোগ দিতে এলে কর্তৃপক্ষের কাছে থাকা ছবির সঙ্গে তার ছবি মিলিয়ে দেখার পর যোগদানপত্র গ্রহণ করতে হবে।
নিয়োগ পরীক্ষা শুরুর আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার কথাও বলা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল কোর্ট ও মামলা পরিচালনার জন্য পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করতে হবে।
কোনো পরীক্ষার্থী ভুয়া বা প্রক্সি হিসেবে শনাক্ত হলে তার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা এবং মামলা দায়েরের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নিয়মিত মামলাও করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
প্রযুক্তির ব্যবহার নিয়েও রয়েছে আলাদা নির্দেশনা। প্রক্সি পরীক্ষার্থী শনাক্ত ও প্রতিরোধের জন্য বায়োমেট্রিক শনাক্তকরণ ব্যবস্থা ব্যবহার করতে হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অন্যান্য প্রযুক্তিও কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে তাদের অধীন দপ্তর, সংস্থা এবং অন্যান্য প্রতিষ্ঠানকে এসব নির্দেশনা সম্পর্কে অবহিত করতে বলা হয়েছে। একই সঙ্গে নিয়োগ পরীক্ষা চলাকালে প্রয়োজনীয় ডিজিটাল টিমের মাধ্যমে বিষয়টি পর্যবেক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে অনুরোধ করা হয়েছে।
নতুন নির্দেশনার ফলে নিয়োগ পরীক্ষায় একজন প্রার্থী আসলেই সংশ্লিষ্ট ব্যক্তি কি না, তা একাধিক পর্যায়ে যাচাই করার সুযোগ তৈরি হচ্ছে। আবেদনপত্র থেকে শুরু করে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা এবং শেষ পর্যন্ত চাকরিতে যোগদানের সময়ও ছবি ও পরিচয় মিলিয়ে দেখার ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর অসদুপায় বন্ধে তল্লাশি, ডিজিটাল ডিভাইস নিষেধাজ্ঞা, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও বায়োমেট্রিক ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নতুন বেতন কাঠামো অনুমোদনের পর প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে অপেক্ষা ও উদ্বেগ বাড়ছে। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন পে-স্কেল অনুমোদন দেওয়া হয়। দীর্ঘ প্রায় এক দশক পর নতুন বেতন কাঠামো অনুমোদিত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রত্যাশা তৈরি হলেও গেজেট প্রকাশে বিলম্বের কারণে অনেকের মধ্যেই নানা প্রশ্ন দেখা দিয়েছে।
৮ মিনিট আগে

দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৩ দিনেই দেশে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বর্তমান বিনিময় হার অনুযায়ী, প্রতি ডলার ১২৩ টাকা ধরে এই অর্থের পরিমাণ দাঁড়ায় ১৭ হাজার ৫৫২ কোটি ১০ হাজার টাকা।
১৬ মিনিট আগে

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, প্রশিক্ষণ কিংবা ইংরেজি ভাষা শেখার উদ্দেশ্যে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে দেশটির নতুন ভিসা ও অবস্থানসংক্রান্ত ব্যবস্থা। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়মে শিক্ষার্থীরা আগের মতো পুরো শিক্ষাজীবনের জন্য নির্দিষ্ট সময় যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পাবেন না। বরং শিক্ষার্থীর নির্ধারিত পড়াশোনা বা প্রশিক্ষণের সময়সীমার ওপর ভিত্তি করেই দেশটিতে অবস্থানের মেয়াদ নির্ধারণ করা হবে।
১ ঘণ্টা আগে

টানা তিন দফা দাম কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। ফলে নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণ কিনতে গুনতে হবে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
৮ ঘণ্টা আগে

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি গঠন এবং সভাপতি নির্বাচনের প্রচলিত নিয়মে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কিছু সংশোধন ও পরিবর্তন যুক্ত করে নতুন খসড়া প্রবিধানমালা তৈরি করা হয়েছে। প্রস্তাবিত এই প্রবিধানমালা চূড়ান্ত অনুমোদন পেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন, সভাপতি নির্বাচন এবং সংশ্লিষ্টদের দায়িত্ব ও ক্ষমতার ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে।
৮ ঘণ্টা আগে

চলতি বছরের জুলাই থেকে নানা ইস্যুতে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে। আকস্মিকভাবে ভিসা বাতিলের ঘটনায় অনেক বাংলাদেশি প্রবাসী পড়েছেন চরম অনিশ্চয়তায়। বিশেষ করে ছুটিতে দেশে আসার পর যাদের ভিসা বাতিলের খবর এসেছে, তাদের অনেকেই আর আমিরাতে ফিরতে পারছেন না। এতে ব্যবসা, চাকরি ও জীবিকা নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ।
৯ ঘণ্টা আগে

রাজধানীর পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চলে দ্রুত ও নির্বিঘ্ন যাতায়াতের সুযোগ তৈরি করতে বড় ধরনের মেট্রোরেল উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকার দুই প্রান্তকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট বা এমআরটি লাইন-৫-এর সাউদার্ন রুট।
৯ ঘণ্টা আগে

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো অনুমোদন করেছে সরকার। ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ নামে অনুমোদিত এই কাঠামোয় আগের মতোই ২০টি গ্রেড রাখা হয়েছে। তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের প্রারম্ভিক মূল বেতনে এসেছে বড় পরিবর্তন। নতুন ব্যবস্থায় ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে ১ম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।
২৩ ঘণ্টা আগে

যৌথ মালিকানাধীন খতিয়ানের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে গিয়ে দীর্ঘদিন ধরে যে হয়রানি ও জটিলতার মুখোমুখি হতে হচ্ছে, তা নিরসনে একগুচ্ছ নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। নতুন নির্দেশনার মাধ্যমে যৌথ মালিকানার জমি নিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং পরবর্তী সময়ে জমি হস্তান্তর বা পৃথক খতিয়ান সৃষ্টির ক্ষেত্রে জটিলতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
১ দিন আগে