
রিপোর্টার

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, মূল্যস্ফীতিকে সহনীয় পর্যায়ে নামিয়ে আনা এবং দেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে একাধিক কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি অর্থবছরের উন্নয়ন ও পরিচালন বাজেটের আওতায় নতুন করে কোনো মোটরযান, জলযান বা আকাশযান কেনার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর এবং সুদমুক্ত বিশেষ ঋণের মাধ্যমে ব্যক্তিগত গাড়ি কেনার সুবিধাও আপাতত স্থগিত করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) অর্থ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, পাবলিক সেক্টর করপোরেশন, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি এবং সরকারি আর্থিক প্রতিষ্ঠান সব ক্ষেত্রেই এই নির্দেশনা কার্যকর হবে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, চলতি অর্থবছরে উন্নয়ন ও পরিচালন বাজেটের আওতায় নতুন কোনো মোটরযান, জলযান কিংবা আকাশযান কেনার জন্য বরাদ্দকৃত অর্থ ব্যয় করা যাবে না। তবে যেসব যানবাহন ১০ বছরের বেশি সময় ধরে ব্যবহৃত হচ্ছে এবং প্রতিস্থাপন প্রয়োজন, সেসব ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া নতুন গঠিত সরকারি প্রতিষ্ঠান প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের মাধ্যমে যানবাহন সংগ্রহ করতে পারবে।
সরকার এবার পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারেও গুরুত্ব দিয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তা বাহিনীর জন্য ব্যবহৃত যানবাহন ছাড়া প্রতিস্থাপন বা নতুন কেনা সব জিপ ও কার অবশ্যই পূর্ণ বিদ্যুচ্চালিত হতে হবে। এর মাধ্যমে ধীরে ধীরে সরকারি যানবাহন ব্যবস্থাকে পরিবেশবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে।
একই সঙ্গে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সুদমুক্ত বিশেষ ঋণ সুবিধার মাধ্যমে ব্যক্তিগত গাড়ি কেনার সুযোগও আপাতত বন্ধ রাখা হয়েছে। সরকারের ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বিদেশ সফরের ক্ষেত্রেও আরোপ করা হয়েছে কঠোর নিয়ন্ত্রণ। সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণ আপাতত বন্ধ থাকবে। তবে বিদেশি সরকার, আন্তর্জাতিক সংস্থা কিংবা উন্নয়ন সহযোগীদের অর্থায়নে পরিচালিত প্রশিক্ষণ ও কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ বহাল থাকবে।
এছাড়া বিদেশি সরকার, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বা উন্নয়ন সহযোগী সংস্থার দেওয়া স্কলারশিপ ও ফেলোশিপের আওতায় স্নাতকোত্তর এবং পিএইচডি অধ্যয়নের জন্য বিদেশ ভ্রমণের অনুমতি আগের মতোই থাকবে। প্রশিক্ষণ প্রতিষ্ঠানের বাধ্যতামূলক মৌলিক প্রশিক্ষণের বৈদেশিক অংশও প্রয়োজন অনুযায়ী আয়োজন করা যাবে।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, জটিল যন্ত্রপাতি বা সরঞ্জাম কেনার ক্ষেত্রে যেখানে প্রি-শিপমেন্ট পরিদর্শন কিংবা কারখানা পর্যায়ে গ্রহণযোগ্যতা পরীক্ষা বাধ্যতামূলক, সেখানে প্রয়োজনীয় বিশেষজ্ঞ বা কারিগরি কর্মকর্তার বিদেশ সফর বিবেচনা করা হবে। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরীক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে এসব পরীক্ষা সম্পন্ন করার বিষয়টিকেই অগ্রাধিকার দিতে বলা হয়েছে।
ব্যয় নিয়ন্ত্রণের অংশ হিসেবে পরিচালন বাজেটের আওতায় নতুন আবাসিক, অনাবাসিক বা অন্যান্য ভবন নির্মাণও আপাতত বন্ধ থাকবে। তবে যেসব নির্মাণ প্রকল্পের কাজ ইতোমধ্যে অন্তত ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে, সেগুলো অর্থ বিভাগের অনুমোদন নিয়ে শেষ করা যাবে।
একই সঙ্গে পরিচালন বাজেটের আওতায় ভূমি অধিগ্রহণেও কোনো অর্থ ব্যয় করা যাবে না। তবে উন্নয়ন বাজেটের আওতায় প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এবং অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে ভূমি অধিগ্রহণের ব্যয় করা যাবে।
অর্থ বিভাগ আরও জানিয়েছে, পরিচালন বাজেটে রাখা থোক বরাদ্দের অর্থও ব্যয় করা যাবে না। তবে পরিকল্পনা কমিশনের অনুকূলে সংরক্ষিত বিশেষ উন্নয়ন সহায়তা খাতের অর্থ অর্থ বিভাগের পূর্বানুমোদন নিয়ে ব্যয় করা যাবে।
যদিও উন্নয়ন বাজেটের আওতায় নতুন যানবাহন কেনা স্থগিত করা হয়েছে, তবে এই পরিপত্র জারির আগে অনুমোদিত প্রকল্পগুলোর ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী শর্ত শিথিল করা যেতে পারে।
অর্থ মন্ত্রণালয় পরিপত্রে বিশেষভাবে উল্লেখ করেছে, সরকারি অর্থ ব্যয়ের প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করতে হবে। অর্থাৎ প্রতিটি ব্যয়ে প্রয়োজনীয়তা, দক্ষতা, সাশ্রয় এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

দেশের স্বর্ণের বাজারে আবারও বড় পরিবর্তন। সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম গিয়ে ঠেকেছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়।
৩ দিন আগে

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বদলি নিয়ে অপেক্ষার অবসান হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে শুরু হয়েছে অনলাইনে বদলির আবেদন গ্রহণ। আগামী ২৭ আগস্ট পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে যোগ্য শিক্ষকরা এই আবেদন করার সুযোগ পাবেন।
৩ দিন আগে

বিশ্ববাজারে সোনা ও রুপার দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও নিয়মিত মূল্য সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে স্বর্ণালংকার কেনার পরিকল্পনা থাকলে দোকানে যাওয়ার আগে সর্বশেষ বাজারদর জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। তবে বুধবার (১৯ আগস্ট) নতুন করে সোনা ও রুপার দাম নির্ধারণ করেনি বাজুস। ফলে বর্তমানে দেশের বাজারে গত শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া দামেই সোনা ও রুপা বিক্রি হচ্ছে।
৩ দিন আগে

ইমানের পর একজন মুমিনের জন্য ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আমল হলো নামাজ। একজন মুমিন ও কাফেরের মধ্যে বড় পার্থক্যগুলোর একটি হলো নামাজ। নিয়মিত নামাজ মানুষকে দুনিয়ার বিভিন্ন খারাপ ও অন্যায় কাজ থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৩ দিন আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি এবং মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির পাশাপাশি অস্থায়ী দমকা হাওয়াও বয়ে যেতে পারে। এদিকে বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৩ দিন আগে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায়। রাজধানীর বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত এই অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
৩ দিন আগে

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। দেশের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা। নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
৫ দিন আগে

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় পিছিয়ে মার্চে শুরু হতে পারে। আগামী বছরের ৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর যে প্রাথমিক পরিকল্পনা করা হয়েছিল, সেটি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। রমজান ও ঈদুল ফিতরের সময়সূচিসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ১৪ মার্চ থেকে পরীক্ষা শুরুর একটি খসড়া রুটিন প্রস্তুত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
৫ দিন আগে

দেশের বাজারে সোনার দাম নিয়ে ক্রেতাদের আগ্রহ সবসময়ই থাকে। আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামার পাশাপাশি স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিয়মিত মূল্য সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তাই সোনা বা রুপার অলংকার কেনার আগে সর্বশেষ মূল্য তালিকা জেনে নেওয়া গুরুত্বপূর্ণ।
৫ দিন আগে