
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার দুপুরে হঠাৎ করেই কেঁপে উঠে মাটি। শক্তিশালী এই ভূকম্পনে সাধারণ মানুষের মাঝে আতঙ্কের মাত্রা চরমে ওঠে।
বাংলাদেশ সময় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫.৩। মুহূর্তের মধ্যে বহুতল ভবনগুলো দোল খেতে শুরু করলে যেকোনো বিপর্যয়ের আশঙ্কায় কর্মব্যস্ত মানুষজন অফিস-আদালত ও বাসাবাড়ি থেকে নিচে নেমে আসেন। রাজপথ, খোলা মাঠ ও পার্কগুলোতে মানুষের ভিড় জমে যায়।
ইউরোপীয়-মধ্যপ্রাচ্যীয় ভূ-তাত্ত্বিক কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা খুলনা থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিলো ৩৫ কিলোমিটার।
অন্যদিকে, ভারতের কলকাতা শহর থেকেও এটি স্পষ্টভাবে অনুভূত হয়। ভূ-কম্পনটির উৎপত্তি কলকাতা থেকে ১০২ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে অবস্থিত হওয়ায় সেখানকার বাসিন্দারাও কিছু সময়ের জন্য আতঙ্কিত হয়ে পড়েন।
তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।