
রিপোর্টার

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী রোববার নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার। এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়। ফলে নতুন পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান এখন সময়ের ব্যাপার।
নতুন বেতন কাঠামোয় সবচেয়ে বড় সুবিধা পেতে যাচ্ছেন নিম্ন গ্রেডের কর্মচারীরা। ২০তম গ্রেডের বর্তমান ৮ হাজার ২৫০ টাকার মূল বেতন বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। অর্থাৎ এ গ্রেডে মূল বেতন বাড়ছে ১৪২ শতাংশ। অন্যদিকে প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে হবে ১ লাখ ৫৬ হাজার টাকা। এ ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার ১০০ শতাংশ।
নতুন পে স্কেল ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হিসেবে ধরা হয়েছে। তবে নির্ধারিত নতুন মূল বেতন একবারে পুরোপুরি কার্যকর হবে না। চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই তিন ধাপে নতুন মূল বেতন বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।
তিন ধাপে বাড়বে মূল বেতন
নতুন কাঠামো অনুযায়ী, ১০ম থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে বেতন বৃদ্ধির অতিরিক্ত অংশের ৫০ শতাংশ প্রথম ধাপে, ২৫ শতাংশ দ্বিতীয় ধাপে এবং বাকি ২৫ শতাংশ তৃতীয় ধাপে মূল বেতনের সঙ্গে যুক্ত হবে।
অন্যদিকে প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত বাড়তি বেতনের ৪০ শতাংশ প্রথম ধাপে, ৩০ শতাংশ দ্বিতীয় ধাপে এবং অবশিষ্ট ৩০ শতাংশ তৃতীয় ধাপে কার্যকর হবে।
২০তম গ্রেডের উদাহরণে বিষয়টি আরও পরিষ্কার। বর্তমানে এ গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা। নতুন কাঠামোয় তা বেড়ে ২০ হাজার টাকা হওয়ায় মোট বৃদ্ধি দাঁড়াচ্ছে ১১ হাজার ৭৫০ টাকা। এর ৫০ শতাংশ অর্থাৎ ৫ হাজার ৮৭৫ টাকা প্রথম ধাপে যুক্ত হলে মূল বেতন হবে ১৪ হাজার ১২৫ টাকা।
এরপর দ্বিতীয় ধাপে আরও ২ হাজার ৯৩৭ টাকা ৫০ পয়সা যুক্ত হয়ে মূল বেতন দাঁড়াবে ১৭ হাজার ৬২ টাকা ৫০ পয়সা। তৃতীয় ধাপে একই পরিমাণ অর্থ যোগ হলে বেসিক চূড়ান্তভাবে ২০ হাজার টাকায় পৌঁছাবে।
প্রথম গ্রেডেও একই পদ্ধতিতে ধাপে ধাপে মূল বেতন বাড়বে। বর্তমানে এ গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা। নতুন কাঠামোয় তা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। ফলে বাড়তি ৭৮ হাজার টাকার ৪০ শতাংশ অর্থাৎ ৩১ হাজার ২০০ টাকা প্রথম ধাপে যুক্ত হয়ে মূল বেতন হবে ১ লাখ ৯ হাজার ২০০ টাকা।
এরপর দ্বিতীয় ধাপে ২৩ হাজার ৪০০ টাকা এবং তৃতীয় ধাপেও একই পরিমাণ অর্থ যুক্ত হবে। সবশেষে প্রথম গ্রেডের মূল বেতন দাঁড়াবে ১ লাখ ৫৬ হাজার টাকা।
নবম গ্রেডেও মূল বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ছে। বর্তমানে এ গ্রেডের মূল বেতন ২২ হাজার টাকা থাকলেও নতুন কাঠামোয় তা বেড়ে হবে ৪৪ হাজার টাকা। তিন ধাপে বেতন যথাক্রমে ৩০ হাজার ৮০০ টাকা, ৩৭ হাজার ৪০০ টাকা এবং শেষ ধাপে ৪৪ হাজার টাকায় পৌঁছাবে।
ভাতার পূর্ণ সুবিধা পেতে অপেক্ষা
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো—মূল বেতন তিন ধাপে বাড়লেও বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা, যাতায়াতসহ বিভিন্ন ভাতা নতুন হারে একসঙ্গে কার্যকর করার পরিকল্পনা রয়েছে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
অর্থাৎ ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে পুরো নতুন মূল বেতন কার্যকর হয়ে গেলেও নতুন হারে সব ভাতার পূর্ণ সুবিধা পেতে চাকরিজীবীদের আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। এর ফলে শেষ পর্যন্ত বর্তমান মূল বেতনের তুলনায় তাদের প্রকৃত মাসিক আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে।
উদাহরণ হিসেবে, ঢাকায় নতুন নিয়োগ পাওয়া ২০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন ২০ হাজার টাকা হলে বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য প্রযোজ্য ভাতা যোগ করে মাসিক মোট আয় আনুমানিক ৪১ হাজার ৯০৮ টাকা বা তার কাছাকাছি হতে পারে। তবে কর্মস্থল ও ব্যক্তিভেদে প্রাপ্য ভাতার পরিমাণ ভিন্ন হওয়ায় প্রকৃত মাসিক আয়ও ভিন্ন হতে পারে।
একইভাবে নতুন নিয়োগ পাওয়া ১৩তম গ্রেডের একজন সহকারী শিক্ষকের মূল বেতন ২৪ হাজার টাকা হলে প্রযোজ্য সব ভাতা যুক্ত করে মোট মাসিক আয় প্রায় ৪০ হাজার টাকা হতে পারে। ১০ম গ্রেডে ৩২ হাজার টাকা মূল বেতনের সঙ্গে ভাতা যোগ হলে মোট আয় ৫০ হাজার টাকার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
নবম গ্রেডে নতুন নিয়োগ পাওয়া একজন কর্মকর্তার মূল বেতন হবে ৪৪ হাজার টাকা। ঢাকায় ৫০ শতাংশ বাড়িভাড়া হিসেবে ২২ হাজার টাকা যোগ হলে শুধু মূল বেতন ও বাড়িভাড়া মিলিয়েই দাঁড়াবে ৬৬ হাজার টাকা। এর সঙ্গে চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য ভাতা যুক্ত হলে মোট মাসিক আয় প্রায় ৭০ হাজার টাকা হতে পারে।
তবে বর্তমানে কর্মরত সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে নতুন বেতন নির্ধারণের হিসাব আরও জটিল হবে। তাদের বর্তমান মূল বেতন, ইনক্রিমেন্ট, চাকরির মেয়াদ এবং অন্যান্য প্রাপ্য সুবিধা বিবেচনায় নিয়ে নতুন বেতন নির্ধারণ করা হবে।

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন হলেও বাজারে হঠাৎ করে বড় ধরনের মূল্যবৃদ্ধির চাপ তৈরি হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তার মতে, দীর্ঘ ১১ বছর সরকারি কর্মচারীদের বেতন সমন্বয় করা হয়নি। বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় দীর্ঘ সময় পর বেতন সমন্বয়ের সিদ্ধান্ত যৌক্তিক।
৪ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নতুন জাতীয় বেতনকাঠামো অনুমোদন করেছে মন্ত্রিসভা। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর জন্য যৌথ বাহিনী নির্দেশাবলিও অনুমোদন করা হয়েছে। নতুন জাতীয় বেতনকাঠামো কার্যকর হবে গত ১ জুলাই থেকে। তবে পুরো বেতনকাঠামো একসঙ্গে কার্যকর না হয়ে আগামী দুই বছরের মধ্যে তিন ধাপে বাস্তবায়ন করা হবে।
৬ ঘণ্টা আগে

দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে

নেপালের ভোটেকোশি নদীতে গত ২৬ আগস্টের ভয়াবহ আকস্মিক বন্যা শুধু প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতিই ঘটায়নি, দেশটির বিদ্যুৎ উৎপাদন ও রপ্তানি ব্যবস্থাতেও বড় প্রভাব ফেলেছে। বন্যায় একাধিক জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে নেপাল থেকে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
৮ ঘণ্টা আগে

ভূমিকম্প কখন আঘাত হানবে, তা আগে থেকে নির্ভুলভাবে বলে দেওয়ার সুযোগ এখনো তৈরি হয়নি। তাই আকস্মিক এই দুর্যোগ মোকাবিলায় আগেভাগেই প্রস্তুতি নেওয়ার ওপর জোর দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, ভূমিকম্প বলে-কয়ে আসে না। মুহূর্তের মধ্যে ভূমি কাঁপিয়ে বিস্তীর্ণ জনপদে ধ্বংসযজ্ঞ চালাতে পারে। বাংলাদেশও ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। এ কারণে দুর্যোগ আঘাত হানার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে।
১৪ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে শিক্ষাবৃত্তি দিয়ে আসছে ডাচ্-বাংলা ব্যাংক। উচ্চমাধ্যমিক থেকে শুরু করে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের সহায়তার ধারাবাহিকতায় এবার ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে ব্যাংকটি।
১৬ ঘণ্টা আগে

ভারতের রেলপথে তীব্র যানজটের কারণে কয়লা পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে সাময়িক প্রভাব পড়েছে। দেশটির গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে স্বাভাবিকের তুলনায় কম কয়লা পৌঁছানোয় উৎপাদন সমন্বয় করতে হচ্ছে। ফলে বাংলাদেশে ওই কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ কিছুটা কমেছে বলে জানিয়েছে আদানি পাওয়ার।
১ দিন আগে

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও সংশ্লিষ্ট কাঁচামালের দাম বেড়ে যাওয়ার প্রভাব এবার পড়েছে দেশের ভোজ্যতেলের বাজারে। এরই মধ্যে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে বাজারে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা।
১ দিন আগে

দেশে সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া বিদ্যুৎ সংকট নিয়ে আশার কথা শুনিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, আগামী ১৫ দিনের মধ্যে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হতে পারে। গ্যাস সরবরাহের ঘাটতি, বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটি এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহব্যবস্থায় সাময়িক বিপর্যয়ের কারণে সংকট তীব্র হয়েছে বলে জানান তিনি।
১ দিন আগে