
সিনিয়ার রিপোর্টার

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন হলেও বাজারে হঠাৎ করে বড় ধরনের মূল্যবৃদ্ধির চাপ তৈরি হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তার মতে, দীর্ঘ ১১ বছর সরকারি কর্মচারীদের বেতন সমন্বয় করা হয়নি। বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় দীর্ঘ সময় পর বেতন সমন্বয়ের সিদ্ধান্ত যৌক্তিক।
বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইন-এ বাংলাদেশের চামড়া খাতের অগ্রগতি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
অস্ট্রেলিয়ান সরকার, বাণিজ্য মন্ত্রণালয় এবং ফ্ল্যাক্সারের পৃষ্ঠপোষকতায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেম এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে দেশের চামড়া শিল্পের বর্তমান পরিস্থিতি, সংস্কারের প্রয়োজনীয়তা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ফেরানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
ধাপে ধাপে বাস্তবায়ন হবে নতুন পে-স্কেল
বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো একসঙ্গে পুরোপুরি কার্যকর করা হবে না। ধাপে ধাপে আগামী বছরের জুলাই পর্যন্ত এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। ফলে একবারে বড় অঙ্কের অতিরিক্ত অর্থ বাজারে প্রবাহিত হওয়ার সুযোগ কম থাকবে।
তাঁর ভাষায়, দীর্ঘ সময় ধরে সরকারি কর্মচারীদের বেতন সমন্বয় না হওয়ায় বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তাদের আয়ের ওপরও চাপ তৈরি হয়েছে। তাই মূল্যস্ফীতির বাস্তবতায় বেতন সমন্বয় প্রয়োজনীয় হয়ে উঠেছে। তবে ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়নের কারণে এর প্রভাব বাজারে আকস্মিকভাবে পড়ার আশঙ্কা নেই।
মন্ত্রী বলেন, নতুন পে-স্কেলকে কেন্দ্র করে বাজারে বড় ধরনের বৈষম্য কিংবা পণ্যের দাম হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কাও নেই। কারণ বেতন বৃদ্ধির অর্থ একবারে বাজারে প্রবেশ না করে পর্যায়ক্রমে অর্থনীতিতে প্রবাহিত হবে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুধু বেতন নয়, সরবরাহ ব্যবস্থাও গুরুত্বপূর্ণ
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধিকে একমাত্র বিষয় হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। তাঁর মতে, বাজারে পণ্যের সরবরাহ, আমদানির পরিস্থিতি, উৎপাদন ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে পণ্যের দামের ওঠানামার মতো বিষয়গুলোও মূল্যস্ফীতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
সরকার এসব বিষয় সমন্বিতভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং প্রয়োজনীয় পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করার বিষয়েও নজর রাখা হচ্ছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
ভোজ্যতেলের দামে আন্তর্জাতিক বাজারের প্রভাব
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ভোজ্যতেলের দাম নিয়েও সরকারের অবস্থান তুলে ধরেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ভোজ্যতেলের দাম নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির পাশাপাশি দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও প্রক্রিয়াকরণ ব্যয় বিবেচনায় নেওয়া হচ্ছে।
বাণিজ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, সয়াবিন তেল পুরোপুরি আমদানিনির্ভর। তাই আন্তর্জাতিক বাজারে এর দাম বাড়া বা কমার সরাসরি প্রভাব দেশের বাজারেও পড়ে। আন্তর্জাতিক বাজারের পরিবর্তনকে বিবেচনায় রেখেই দেশের ভোজ্যতেলের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
৭৮ লাখ পরিবার পাচ্ছে টিসিবির পণ্য
নিত্যপণ্যের বাজার পরিস্থিতি সামাল দিতে সরকারের বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ বা টিসিবির মাধ্যমে প্রতি মাসে প্রায় ৭৮ লাখ পরিবারকে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হচ্ছে।
এ ছাড়া দুই ঈদে খোলা ট্রাকে পণ্য বিক্রির কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ের অধীনে নিয়মিত ওএমএস কার্যক্রমও চলমান রয়েছে।
বাজারে কোনো কৃত্রিম সংকট তৈরি হচ্ছে কি না, সেটিও নজরদারির আওতায় রয়েছে বলে জানান তিনি। চিনির বাজার প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের অন্যতম বড় রিফাইনারি মেঘনা গ্রুপের কাছে পর্যাপ্ত পরিমাণ অপরিশোধিত চিনি রয়েছে।
চামড়া শিল্পে বড় ধরনের সংস্কারের পরিকল্পনা
এদিকে দেশের চামড়া শিল্পকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় আবারও শক্ত অবস্থানে নিয়ে আসতে সমন্বিত সংস্কার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশের চামড়া খাতের অগ্রগতি নিয়ে আয়োজিত সংলাপে তিনি শিল্পটির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
মন্ত্রী বলেন, হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের সিদ্ধান্ত সঠিক ছিল। তবে স্থানান্তরের পর বাস্তবায়ন ও ব্যবস্থাপনার দুর্বলতার কারণে শিল্পটি প্রত্যাশিত সুফল পায়নি।
সিইটিপি সংকটকে বড় বাধা হিসেবে দেখছেন মন্ত্রী
সাভারের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপির সমস্যাকে চামড়া শিল্পের অন্যতম বড় বাধা হিসেবে উল্লেখ করেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, নতুন বিশ্বমানের একটি সিইটিপি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যমান সিইটিপি সংস্কারের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
বর্তমানে সিইটিপিটির নির্ধারিত সক্ষমতা ২৫ হাজার ঘনমিটার হলেও কার্যকরভাবে সেখানে প্রায় ১৪ থেকে ১৫ হাজার ঘনমিটার বর্জ্য শোধন করা সম্ভব হচ্ছে। সক্ষমতার এই ঘাটতি চামড়া শিল্পের পরিবেশগত কমপ্লায়েন্স ও আন্তর্জাতিক প্রতিযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমস্যা তৈরি করছে বলে জানান সংশ্লিষ্টরা।
শতভাগ কমপ্লায়েন্সে নেওয়ার পরিকল্পনা
চামড়া শিল্পের পরিবেশগত মান উন্নয়নে বড় ট্যানারিগুলোতে নিজস্ব ইটিপি স্থাপন বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।
অন্যদিকে ছোট ট্যানারিগুলোকে কেন্দ্রীয় সিইটিপির সঙ্গে সমন্বয় করে শতভাগ কমপ্লায়েন্সের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দেশের চামড়া শিল্পকে আন্তর্জাতিক বাজারের প্রয়োজনীয় মানদণ্ডের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আলোচনায় অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পবকে, ফ্ল্যাক্সারের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জু, সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হানসহ চামড়া শিল্পের উদ্যোক্তা, ব্যবসায়ী, শ্রমিক প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীরা অংশ নেন।
একদিকে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে বাজারে আকস্মিক মূল্যবৃদ্ধির ঝুঁকি নিয়ন্ত্রণে রাখার কথা জানানো হয়েছে, অন্যদিকে দেশের চামড়া শিল্পের দীর্ঘদিনের কাঠামোগত সমস্যাগুলো সমাধানে সংস্কারের উদ্যোগের কথাও উঠে এসেছে বাণিজ্যমন্ত্রীর বক্তব্যে।

সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নতুন জাতীয় বেতনকাঠামো অনুমোদন করেছে মন্ত্রিসভা। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর জন্য যৌথ বাহিনী নির্দেশাবলিও অনুমোদন করা হয়েছে। নতুন জাতীয় বেতনকাঠামো কার্যকর হবে গত ১ জুলাই থেকে। তবে পুরো বেতনকাঠামো একসঙ্গে কার্যকর না হয়ে আগামী দুই বছরের মধ্যে তিন ধাপে বাস্তবায়ন করা হবে।
৬ ঘণ্টা আগে

দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী রোববার নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার। এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়। ফলে নতুন পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান এখন সময়ের ব্যাপার।
৮ ঘণ্টা আগে

নেপালের ভোটেকোশি নদীতে গত ২৬ আগস্টের ভয়াবহ আকস্মিক বন্যা শুধু প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতিই ঘটায়নি, দেশটির বিদ্যুৎ উৎপাদন ও রপ্তানি ব্যবস্থাতেও বড় প্রভাব ফেলেছে। বন্যায় একাধিক জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে নেপাল থেকে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
৮ ঘণ্টা আগে

ভূমিকম্প কখন আঘাত হানবে, তা আগে থেকে নির্ভুলভাবে বলে দেওয়ার সুযোগ এখনো তৈরি হয়নি। তাই আকস্মিক এই দুর্যোগ মোকাবিলায় আগেভাগেই প্রস্তুতি নেওয়ার ওপর জোর দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, ভূমিকম্প বলে-কয়ে আসে না। মুহূর্তের মধ্যে ভূমি কাঁপিয়ে বিস্তীর্ণ জনপদে ধ্বংসযজ্ঞ চালাতে পারে। বাংলাদেশও ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। এ কারণে দুর্যোগ আঘাত হানার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে।
১৪ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে শিক্ষাবৃত্তি দিয়ে আসছে ডাচ্-বাংলা ব্যাংক। উচ্চমাধ্যমিক থেকে শুরু করে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের সহায়তার ধারাবাহিকতায় এবার ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে ব্যাংকটি।
১৬ ঘণ্টা আগে

ভারতের রেলপথে তীব্র যানজটের কারণে কয়লা পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে সাময়িক প্রভাব পড়েছে। দেশটির গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে স্বাভাবিকের তুলনায় কম কয়লা পৌঁছানোয় উৎপাদন সমন্বয় করতে হচ্ছে। ফলে বাংলাদেশে ওই কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ কিছুটা কমেছে বলে জানিয়েছে আদানি পাওয়ার।
১ দিন আগে

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও সংশ্লিষ্ট কাঁচামালের দাম বেড়ে যাওয়ার প্রভাব এবার পড়েছে দেশের ভোজ্যতেলের বাজারে। এরই মধ্যে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে বাজারে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা।
১ দিন আগে

দেশে সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া বিদ্যুৎ সংকট নিয়ে আশার কথা শুনিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, আগামী ১৫ দিনের মধ্যে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হতে পারে। গ্যাস সরবরাহের ঘাটতি, বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটি এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহব্যবস্থায় সাময়িক বিপর্যয়ের কারণে সংকট তীব্র হয়েছে বলে জানান তিনি।
১ দিন আগে