ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

হাসান

রির্পোটার

ভোটারদের উদ্দেশ্যে সেনাবাহিনীর নতুন বার্তা

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৮ ০০:৩০:৪১
ভোটারদের উদ্দেশ্যে সেনাবাহিনীর নতুন বার্তা

হাসান: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাধারণ ভোটারদের নিরাপত্তা ও আস্থার বার্তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। নির্বাচনের দিন নাগরিকরা যেন কোনো ভয়ভীতি ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নিরাপদে বাড়ি ফিরতে পারেন এ লক্ষ্যে বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে পদক্ষেপ

নির্বাচনী পরিবেশ স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে ইতোমধ্যে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও বাড়ানো হয়েছে নজরদারি, যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করা যায়।

অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার

নিরাপত্তা জোরদারে ব্রিগেড মোতায়েনকালীন সময়ে বিপুল সংখ্যক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য যা সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান

বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা বা বিশৃঙ্খলার কোনো চেষ্টা সহ্য করা হবে না বলে সতর্ক করেছে সেনাবাহিনী। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বেসামরিক প্রশাসনকে সহায়তায় স্ট্রাইকিং ফোর্স হিসেবেও প্রস্তুত রয়েছে বাহিনীটি।

ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত

ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনসহ বিভিন্ন এলাকার ভোটকেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ঝুঁকিপূর্ণ ও সাধারণ—এই তিন ভাগে ভাগ করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা-১৪ ও ঢাকা-১৬ আসনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে বিশেষ নিরাপত্তা ও সিসি ক্যামেরা কাভারেজ নিশ্চিত করা হচ্ছে।

গণমাধ্যম ও রাজনৈতিক দলের প্রতি আহ্বান

রাজনৈতিক দলগুলোকে উৎসবমুখর পরিবেশ বজায় রেখে প্রচারণা চালাতে বলা হয়েছে। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গুজব এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী।

যৌথ বাহিনীর সমন্বিত তৎপরতা

নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা সমন্বিতভাবে কাজ করছে। যেকোনো নিরাপত্তা হুমকির তথ্য পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ