ঢাকা, বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

হাসান

রির্পোটার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৪ ১১:৩৩:১৯
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ

হাসান: টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ জাতীয় দল অংশ না নিলেও বিশ্বকাপের আলো থেকে পুরোপুরি হারিয়ে যাচ্ছে না লাল-সবুজ। মাঠের খেলায় না থাকলেও ম্যাচ পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে বিশ্বকাপেই থাকছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ আম্পায়ার এলিট প্যানেলের শরফুদ্দৌল্লা ইবনে শহীদ ও আইসিসির আন্তর্জাতিক প্যানেলের সদস্য গাজী সোহেল।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্বের সেরা ২৪ জন আম্পায়ার ও ৬ জন ম্যাচ রেফারি। গ্রুপ পর্ব থেকেই মাঠে নামবেন বাংলাদেশের এই দুই প্রতিনিধি, যা আন্তর্জাতিক ক্রিকেটে দেশের মর্যাদাকে আরও উঁচুতে তুলে ধরবে।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন বিশ্বখ্যাত আম্পায়ার কুমার ধর্মসেনা। তাঁর সঙ্গে থাকবেন নতুন মুখ ওয়েন নাইটস যার জন্য এটি হতে যাচ্ছে প্রথম বিশ্বকাপ ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা। এছাড়া পল রেইফেল, রড টাকার, ক্রিস গ্যাফানি ও রিচার্ড ইলিংওয়ার্থের মতো অভিজ্ঞ আম্পায়ারদের সঙ্গেও কাজ করবেন ম্যাচ অফিসিয়ালরা।

বিশ্বকাপের সবচেয়ে আলোচিত লড়াই ভারত–পাকিস্তান ম্যাচটি (১৫ ফেব্রুয়ারি) পরিচালনার গুরুদায়িত্ব থাকছে কুমার ধর্মসেনা ও রিচার্ড ইলিংওয়ার্থের কাঁধে।

বাংলাদেশ দল মাঠে না থাকলেও, আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে দুই আম্পায়ারের উপস্থিতি দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য গর্বের বার্তা বহন করছে এমনটাই প্রত্যাশা ভক্তদের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ