সিনিয়ার রিপোর্টার

দীর্ঘ অপেক্ষার পর সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলের গেজেট প্রকাশের পর বেতন কাঠামোর বিভিন্ন পরিবর্তন সামনে এসেছে। নতুন কাঠামোয় আগের মতোই মোট ২০টি গ্রেড রাখা হয়েছে। সর্বোচ্চ প্রথম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। তবে নতুন বেতন কাঠামোর আর্থিক সুবিধা একবারে পুরোপুরি কার্যকর হচ্ছে না। ধাপে ধাপে নতুন বেতন কার্যকর করা হবে।
নতুন পে স্কেলের কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে। তবে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা নতুন মূল বেতনের বাড়তি অংশের ৫০ শতাংশ পাবেন। নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে এই হার ৪০ শতাংশ। পরবর্তী ধাপে পর্যায়ক্রমে নতুন বেতন পুরোপুরি কার্যকর হবে।
২০তম থেকে প্রথম গ্রেডে বেতন কত
নতুন বেতন কাঠামোয় ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। ১৬তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ২১ হাজার ৯০০ টাকা এবং ১৫তম গ্রেডে ২২ হাজার ৮০০ টাকা।
অন্যদিকে সর্বোচ্চ প্রথম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।
তবে শুধু মূল বেতন দিয়ে একজন কর্মচারীর মোট আর্থিক সুবিধা নির্ধারণ করা যাবে না। চিকিৎসা, শিক্ষা, উৎসব, মোবাইলসহ বিভিন্ন ভাতাও মোট বেতন-ভাতার অংশ।
গ্রেড বাড়লে বাড়িভাড়ায় কেন নতুন হিসাব
নতুন পে স্কেলের অন্যতম আলোচিত বিষয় হলো বাড়িভাড়া ভাতার হার। রাজধানী ও বড় শহরের বাইরে দেশের অন্যান্য এলাকায় ১৬তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা মূল বেতনের ৪৫ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন। অন্যদিকে ১০ম থেকে ১৫তম গ্রেডের ক্ষেত্রে এই হার ৩৫ শতাংশ।
এ কারণে ১৫তম ও ১৬তম গ্রেডের প্রারম্ভিক বেতনের হিসাব পাশাপাশি রাখলে বিষয়টি স্পষ্ট হয়।
১৬তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ২১ হাজার ৯০০ টাকা। এর ৪৫ শতাংশ হিসাবে বাড়িভাড়া দাঁড়ায় ৯ হাজার ৮৫৫ টাকা। আর ১৫তম গ্রেডে মূল বেতন ২২ হাজার ৮০০ টাকা হলেও ৩৫ শতাংশ হারে বাড়িভাড়া পাওয়া যাবে ৭ হাজার ৯৮০ টাকা।
অর্থাৎ ১৬তম থেকে ১৫তম গ্রেডে গেলে মূল বেতন ৯০০ টাকা বাড়লেও এই উদাহরণে বাড়িভাড়া ভাতা ১ হাজার ৮৭৫ টাকা কমে যায়। এ কারণে পদোন্নতির পর সামগ্রিক আর্থিক সুবিধার হিসাব নিয়ে কর্মচারীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।
তবে শুধু মূল বেতন ও বাড়িভাড়া দিয়ে দুই গ্রেডের মোট বেতন-ভাতার চূড়ান্ত তুলনা করা যাবে না। অন্যান্য প্রযোজ্য ভাতাও মোট আর্থিক সুবিধার অংশ।
বৈশাখী ভাতা কমছে, তবে পরে
নতুন পে স্কেলে বাংলা নববর্ষ ভাতার হারও পরিবর্তন করা হয়েছে। আগে মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা দেওয়া হলেও নতুন নিয়মে তা কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
তবে এই পরিবর্তন এখনই কার্যকর হচ্ছে না। গেজেট অনুযায়ী, ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আগের নিয়মে ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা দেওয়া হবে। ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন ১৫ শতাংশ হার কার্যকর হবে।
সন্তানদের জন্য শিক্ষা সহায়ক ভাতা
নতুন কাঠামোয় সন্তানদের পড়াশোনার জন্য শিক্ষা সহায়ক ভাতা রাখা হয়েছে। প্রতি সন্তানের জন্য মাসে ৫০০ টাকা করে পাওয়া যাবে। সর্বোচ্চ দুই সন্তানের জন্য মাসে মোট ১ হাজার টাকা এই ভাতা পাওয়ার সুযোগ থাকবে।
তবে বর্তমান সময়ে শিক্ষা ব্যয়ের তুলনায় এই অর্থ কতটা সহায়ক হবে, তা নিয়ে কর্মচারীদের একাংশের মধ্যে প্রশ্ন রয়েছে।
উচ্চতর গ্রেড পেতে অপেক্ষা কমল
নতুন পে স্কেলে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। আগে পদোন্নতি না হলে একটানা ১০ বছর অপেক্ষার পর শর্তসাপেক্ষে উচ্চতর গ্রেড পাওয়ার নিয়ম ছিল। নতুন কাঠামোয় সেই সময়সীমা কমিয়ে আট বছর করা হয়েছে।
অর্থাৎ নির্ধারিত শর্ত পূরণকারী কোনো কর্মচারী পদোন্নতি না পেলেও আট বছর পর উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ পাবেন। তবে এই উচ্চতর গ্রেডকে নিয়মিত পদোন্নতি হিসেবে গণ্য করা হবে না।
অসঙ্গতি নিয়ে ১৩ সংগঠনের বৈঠক
নতুন বেতন কাঠামো প্রকাশের পর এর বিভিন্ন দিক নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে আলোচনা আরও জোরালো হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে সারা দেশের অন্তত ১৩টি সংগঠনের নেতারা আজ সোমবার বৈঠকে বসছেন।
নতুন পে স্কেলের বিভিন্ন অসঙ্গতি নিয়ে পরবর্তী করণীয় ঠিক করতেই এই বৈঠক ডাকা হয়েছে।
পরিষদের সদস্যসচিব মো. মাহমুদুল হাসান বলেন, ‘এত দিন পরে একটি নতুন পে স্কেল পেলাম। সেটাতেও বৈষম্য। এই বৈষম্য আগেও ছিল। নতুন বেতন কাঠামোতেও থেকে গেল। যা আমাদের জন্য মেনে নেওয়া কষ্টসাধ্য এবং অসম্মানের।’
সব মিলিয়ে নতুন পে স্কেলে মূল বেতন, উচ্চতর গ্রেড, বাড়িভাড়া, বৈশাখী ভাতা ও শিক্ষা সহায়ক ভাতায় একাধিক পরিবর্তন এসেছে। তবে নতুন বেতনের পূর্ণ আর্থিক সুবিধা একসঙ্গে কার্যকর না হওয়ায় কর্মচারীদের হাতে এর পুরো প্রভাব তাৎক্ষণিকভাবে যাচ্ছে না। একই সঙ্গে গ্রেডভেদে ভাতার হারের পার্থক্য নতুন করে হিসাব-নিকাশ ও অসঙ্গতি নিয়ে আলোচনা তৈরি করেছে।

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি এলাকায় পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
৪৮ মিনিট আগে

এক দিনের বিরতির পর আবারও দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ শুরু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকাসহ দেশের ১৮টি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
১ ঘণ্টা আগে

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার দেশের বাসভাড়া সমন্বয়ের প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। নতুন প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাস, ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাস এবং ডিটিসি এলাকার মিনিবাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা করে ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে।
২ ঘণ্টা আগে

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া মরিয়মের হাতে লেখা কয়েকটি চিঠিতে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ ও আত্মসম্মান নিয়ে নানা অনুভূতির কথা উঠে এসেছে। জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ এবং লাল-কালো কালিতে লেখা এসব পাতায় ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভিন্ন বক্তব্য রয়েছে।
১০ ঘণ্টা আগে

দীর্ঘ অপেক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এ বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার এবং তা কার্যকর করার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
১০ ঘণ্টা আগে

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির অপেক্ষায় থাকা স্নাতক ডিগ্রিধারীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস। প্রতিষ্ঠানটির ট্রান্সপোর্ট বিভাগে অফিসার ও সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
১১ ঘণ্টা আগে

দেশের বাজারে নতুন দরে বিক্রি হচ্ছে সোনা ও রুপা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন মূল্যে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। আগের দরের তুলনায় প্রতি ভরিতে এই মানের সোনার দাম বেড়েছে ১ হাজার ৬৯১ টাকা।
১১ ঘণ্টা আগে

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত দামে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল বিক্রি করা হবে। আজ রোববার জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে নতুন দাম জানানো হয়েছে।
১১ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনার, কাতারি রিয়াল, ওমানি রিয়ালসহ বিভিন্ন মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আজ কিছুটা বেড়েছে।
২২ ঘণ্টা আগে