
সিনিয়ার রিপোর্টার

বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আগেই শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম দুই ম্যাচে টানা জয় তুলে নিয়ে গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। ফলে জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য অনেকটাই নিয়মরক্ষার লড়াই।
আগামীকাল (রোববার) বাংলাদেশ সময় সকাল ৮টায় ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও জর্ডান। ম্যাচটির ফল আর্জেন্টিনার অবস্থানে কোনো প্রভাব ফেলবে না। তাই কোচ স্কালোনি এই ম্যাচে মূল একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনতে পারেন বলে ধারণা করা হচ্ছে। নিয়মিত কয়েকজন তারকাকে বিশ্রাম দিয়ে বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে, জর্ডানের জন্য ম্যাচটি শুধুই সম্মান রক্ষার। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেছে মধ্যপ্রাচ্যের দেশটির। তবে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ভালো একটি ফল নিয়ে টুর্নামেন্ট শেষ করতে চাইবে তারা।
তবে মাঠের লড়াই শুরুর আগেই বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন—কোথায় দেখা যাবে এই ম্যাচ?
দর্শকদের জন্য এবার রয়েছে একাধিক সুযোগ। টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি-স্পোর্টস এবং সময় টেলিভিশন। ফলে ঘরে বসেই সহজে ম্যাচ উপভোগ করতে পারবেন সমর্থকরা।
এ ছাড়া মোবাইল ফোন, ট্যাব কিংবা স্মার্ট টিভির মাধ্যমেও সরাসরি দেখা যাবে ম্যাচটি। অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে মাই রবি অ্যাপ, টফি এবং বায়োস্কোপে সাবস্ক্রিপশনের মাধ্যমে ম্যাচটি উপভোগ করা যাবে।
ডিজিটাল দর্শকদের জন্য আরও বিকল্প হিসেবে থাকছে আইস্ক্রিন, স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স অ্যাপ। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে যেকোনো স্থান থেকেই বিশ্বকাপের উত্তেজনায় শামিল হতে পারবেন ফুটবলপ্রেমীরা।
বিশ্বকাপে এখন পর্যন্ত দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। তাই নিয়মরক্ষার ম্যাচ হলেও লিওনেল মেসিদের খেলা দেখতে মুখিয়ে আছেন কোটি কোটি সমর্থক। আর প্রযুক্তির এই সময়ে টেলিভিশনের পাশাপাশি মোবাইল ফোনেই সহজে উপভোগ করা যাবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।