
হাসান: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে আলোচনার পর তার দলের ভাই-বোনদের জন্য একটি ফ্রি কোর্স অফারের ঘোষণা দিয়েছেন ঢাকা-৮ আসনের গণ-অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম। রোববার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে মেঘনা আলম লেখেন, পাটওয়ারী ভাই শিগগিরই তার বাসায় আসবেন। নির্বাচনের আগে আসার কথা থাকলেও মিডিয়ার নেতিবাচক উপস্থাপনার কারণে তা সম্ভব হয়নি। তবে তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক শিষ্টাচার সব বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, যারা মাঠ পর্যায়ের রাজনীতি ও গণজাগরণের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হয়েছেন এবং যারা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে শিক্ষা নিয়েছেন—এই দুই অভিজ্ঞতার সমন্বয় ঘটলে একটি সত্যিকারের স্বাধীন ও সম্মানিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সেই লক্ষ্যেই এনসিপির তরুণ কর্মীদের জন্য তিনি ফ্রি কোর্সের প্রস্তাব দিয়েছেন।
মেঘনা আলম উল্লেখ করেন, তার ছোট ভাই পাটওয়ারীর প্রতি তার গভীর স্নেহ রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, যে দল নারীর নেতৃত্বকে অবমূল্যায়ন করে, তাদের ক্ষমতায় দেখতে চান না। তবে ভবিষ্যতে আদর্শ পরিবর্তন হলে সেটি ভিন্ন বিষয় হতে পারে।
শেষে তিনি স্পষ্ট করে জানান, তিনি বিভেদ বা শত্রুতার রাজনীতি চান না। দেশ ও জনগণের কল্যাণে কাজ করা সবার মধ্যে সম্প্রীতি ও ঐক্য বজায় থাকুক—এ কামনাই করেন তিনি।