সিনিয়ার রিপোর্টার

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করেছে সরকার। নতুন নিয়মে ই-রিকশার নিবন্ধন বাধ্যতামূলক করার পাশাপাশি সর্বোচ্চ গতিসীমা, যাত্রী বহন, চলাচলের সড়ক, নিবন্ধন ফি ও যানবাহনের নিরাপত্তার বিষয়ে নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
নতুন বিধিমালা অনুযায়ী, দেশের সব সিটি করপোরেশন এলাকায় চলাচলকারী তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশাকে নিবন্ধন নিতে হবে। নিবন্ধনের মেয়াদ হবে পাঁচ বছর। তবে নিবন্ধন পেতে হলে যানবাহনকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড ও নিরাপত্তাবৈশিষ্ট্য পূরণ করতে হবে।
ই-রিকশার গতিসীমা কত?
নতুন নিয়মে সাধারণ সড়কে ই-রিকশার সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। তবে স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার গতিতে চলতে হবে।
ই-রিকশাকে সব সময় সড়কের বাম পাশের লেন দিয়ে চলাচল করতে হবে। জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, উড়াল এক্সপ্রেসওয়ে এবং প্রধান বাস চলাচলের সড়ক বা করিডোরে এসব যান চলাচল করতে পারবে না।
সর্বোচ্চ কতজন যাত্রী বহন করা যাবে?
বিধিমালা অনুযায়ী, ই-রিকশার আকার ও ধারণক্ষমতা অনুসারে চালক ছাড়া সর্বোচ্চ দুই অথবা চারজন যাত্রী বহন করা যাবে। যাত্রীর হাতে বহনযোগ্য মালামাল ছাড়া অন্য কোনো বাণিজ্যিক পণ্য পরিবহন করা নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া ই-রিকশায় ৪০ ডেসিবেলের বেশি শব্দের হর্ন ব্যবহার করা যাবে না। যানবাহনে গতিমাপক বা দূরত্ব পরিমাপক যন্ত্র স্থাপনও বাধ্যতামূলক করা হয়েছে। যান্ত্রিক বা নিরাপত্তাজনিত ত্রুটিযুক্ত এবং নিবন্ধনবিহীন ই-রিকশা সড়কে চালানো যাবে না।
ই-রিকশার নিবন্ধন ফি কত?
নতুন বিধিমালায় যাত্রী ধারণক্ষমতার ভিত্তিতে ই-রিকশার নিবন্ধন ও নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে।
দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশা: প্রাথমিক এককালীন নিবন্ধন ফি ৮ হাজার টাকা, বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা।
চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশা: এককালীন নিবন্ধন ফি ১০ হাজার টাকা, বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা।
ফিটনেস সনদ: প্রতিটি ই-রিকশার জন্য ১ হাজার টাকা।
নিবন্ধনের জন্য আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং তাঁর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। নির্ধারিত ফি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। আবেদন ও কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি যানবাহনটি বুয়েটের নির্ধারিত প্রযুক্তিগত ও নিরাপত্তার মান পূরণ করছে কি না, তা পরীক্ষা করা হবে। সব শর্ত পূরণ হলে আবেদন পাওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন দেওয়ার বিধান রাখা হয়েছে।
একটি জাতীয় পরিচয়পত্রে সর্বোচ্চ পাঁচটি রিকশা
প্রজ্ঞাপন অনুযায়ী, একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এক বা একাধিক সিটি করপোরেশন থেকে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নেওয়া যাবে। তবে কোনো একটি সিটি করপোরেশনে নিবন্ধিত ই-রিকশা অন্য সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে চালানো যাবে না।
প্রতিটি নিবন্ধিত ই-রিকশার জন্য কিউআর কোডযুক্ত স্বতন্ত্র নিবন্ধন নম্বর ও নির্দিষ্ট নম্বর প্লেট দেওয়া হবে। যানবাহনের দৃশ্যমান স্থানে এসব নম্বর ও প্লেট প্রদর্শন করতে হবে। নিবন্ধনের মেয়াদ পাঁচ বছর শেষ হলে নির্ধারিত ফি দিয়ে তা নবায়ন করতে হবে। নিবন্ধন বা নবায়ন ছাড়া কোনো ই-রিকশা সড়কে চলাচল করতে পারবে না।
পুরোনো ই-রিকশার ক্ষেত্রেও নতুন নিয়ম
বর্তমানে সড়কে চলাচলরত ই-রিকশাগুলোকেও নিবন্ধন পেতে বুয়েটের নির্ধারিত নিয়ম অনুযায়ী নকশা পরিবর্তন করতে হবে। পাশাপাশি প্রযুক্তিগত মানদণ্ড ও নিরাপত্তাবৈশিষ্ট্য নিশ্চিত করতে হবে।
নতুন বিধিমালায় ই-রিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল নিবন্ধনের তারিখ থেকে ১২ বছর নির্ধারণ করা হয়েছে। এ সময়সীমা শেষ হলে সংশ্লিষ্ট ই-রিকশার নম্বর প্লেটসহ নিবন্ধন বাতিল করতে হবে।
ব্যাটারি চার্জের ক্ষেত্রেও নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সিটি করপোরেশনের লাইসেন্সপ্রাপ্ত চার্জিং পয়েন্ট অথবা নির্ধারিত গ্যারেজে ব্যাটারি চার্জ করতে হবে। এসব স্থানে নবায়নযোগ্য জ্বালানি বা সৌরশক্তি ব্যবহারের ব্যবস্থা রাখার নির্দেশনাও রয়েছে।
যেসব কাজ করলে শাস্তির মুখে পড়তে পারেন চালক
নতুন বিধিমালায় নিবন্ধন ছাড়া ই-রিকশা চালানো, নির্ধারিত গতিসীমা অতিক্রম করা, অতিরিক্ত যাত্রী বহন, অননুমোদিত ব্যাটারি ব্যবহার, মোটর বা যানবাহনের কাঠামো পরিবর্তন এবং নিষিদ্ধ সড়কে চলাচলকে দণ্ডনীয় হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া বিপজ্জনকভাবে যান চালানো এবং দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়াও দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। দুর্ঘটনা ঘটলে চালককে সঙ্গে সঙ্গে যান থামাতে হবে।
নতুন বিধিমালার মাধ্যমে সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন, গতি, যাত্রী পরিবহন ও নিরাপত্তা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ই-রিকশার চলাচলে শৃঙ্খলা আনা এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

আগামীকাল শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকার আকাশ দিনের বেশির ভাগ সময় মেঘলা থাকতে পারে। দিনের শেষ ভাগে বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রাজধানীর কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
২ ঘণ্টা আগে

নভেম্বর মাসেও দেশের বাজারে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ১ নভেম্বর থেকে পুরো মাসজুড়ে অক্টোবরের নির্ধারিত দামেই বিক্রি হবে এসব জ্বালানি তেল। এতে ভোক্তা পর্যায়ে জ্বালানির দামে নতুন করে কোনো পরিবর্তন আসছে না।
২ ঘণ্টা আগে

বাংলাদেশ পুলিশে নতুন করে ১৪ হাজার সদস্য নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৪ হাজার উপপরিদর্শক (এসআই) এবং ১০ হাজার কনস্টেবল পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। বিশেষ করে এসআই নিয়োগে বড় পরিবর্তন আনা হয়েছে। প্রচলিত নিয়মে অর্ধেক পদ বিভাগীয় পদোন্নতির জন্য সংরক্ষিত থাকলেও এবার চার হাজার পদেই সরাসরি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে

দেশের আটটি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
১১ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। নতুন এই দর বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সে অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সোনা কিনতে গেলে ক্রেতাদের এই দাম বিবেচনায় রাখতে হবে।
১১ ঘণ্টা আগে

গর্ভাবস্থার প্রথম তিন মাস মা ও গর্ভের শিশুর বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে শিশুর মস্তিষ্ক, মেরুদণ্ডসহ বিভিন্ন অঙ্গের প্রাথমিক গঠন শুরু হয়। তাই গর্ভধারণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই মায়ের পুষ্টি, প্রয়োজনীয় পরীক্ষা, ওষুধ গ্রহণ এবং দৈনন্দিন জীবনযাপনের দিকে বিশেষ নজর দেওয়া জরুরি।
১১ ঘণ্টা আগে

মাসিক নির্ধারিত সময়ে না হওয়া, কয়েক মাস বন্ধ থাকা কিংবা স্বাভাবিকের তুলনায় বেশি বা কম রক্তপাত—এসব সমস্যায় অনেক নারী উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে সব সময় মাসিকের তারিখে সামান্য পরিবর্তন মানেই বড় কোনো অসুস্থতা নয়। বয়স, মানসিক চাপ, ওজনের পরিবর্তন, হরমোনের ওঠানামা এবং কিছু শারীরিক সমস্যার কারণে মাসিক চক্রে পরিবর্তন আসতে পারে।
১১ ঘণ্টা আগে

মাথাব্যথা হচ্ছে না, মাথা ঘুরছে না, শরীরও স্বাভাবিক—তাহলে কি রক্তচাপ ঠিক আছে? এমন ধারণা থেকে অনেকেই দীর্ঘদিন রক্তচাপ পরীক্ষা করেন না। অথচ উচ্চ রক্তচাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, অনেকের ক্ষেত্রেই এটি কোনো স্পষ্ট লক্ষণ ছাড়াই থাকতে পারে। নিয়মিত পরীক্ষা না করলে সমস্যাটি অজানা থেকে যেতে পারে।
১১ ঘণ্টা আগে

সুস্থ থাকতে দামি খাবার কিংবা বিশেষ কোনো খাদ্যতালিকা অনুসরণ করতেই হবে, এমন নয়। প্রতিদিনের পরিচিত খাবার—ভাত, মাছ, ডাল, শাকসবজি, ডিম ও মৌসুমি ফলের সঠিক সমন্বয়ই হতে পারে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের ভিত্তি। তবে শুধু পেট ভরে খেলেই শরীরের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত হয় না। খাবারের পরিমাণ, বৈচিত্র্য এবং লবণ, চিনি ও তেলের ব্যবহারও গুরুত্বপূর্ণ।
১১ ঘণ্টা আগে