
সিনিয়ার রিপোর্টার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারি হওয়ার পর নতুন বেতন কাঠামো নিয়ে বিস্তারিত তথ্য সামনে এসেছে। নতুন ব্যবস্থায় ২০টি গ্রেড রাখা হয়েছে। একই সঙ্গে পুরোনো বেতন থেকে নতুন মূল বেতন কীভাবে নির্ধারণ হবে, সে বিষয়েও প্রজ্ঞাপনে স্পষ্ট নিয়ম দেওয়া হয়েছে।
নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। গ্রেড অনুযায়ী সরকারি চাকরিজীবীদের প্রারম্ভিক মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। গ্রেড ১ থেকে ১১ পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন ১০০ শতাংশ এবং গ্রেড ১২ থেকে ২০ পর্যন্ত ১১৫ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।
নতুন স্কেলে সর্বনিম্ন ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা। আর গ্রেড-১-এর প্রারম্ভিক মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা। তবে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সিনিয়র সচিবদের জন্য আলাদা মূল বেতন নির্ধারণ করা হয়েছে।
শুধু গ্রেড জানলেই নতুন বেতন জানা যাবে না
নতুন বেতন স্কেলে একজন কর্মকর্তা-কর্মচারীর মূল বেতন কত হবে, তা জানতে শুধু বর্তমান গ্রেড জানা যথেষ্ট নয়। ২০২৬ সালের ৩০ জুন জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী তাঁর মূল বেতন কত ছিল, সেটিও জানতে হবে।
কারণ একই গ্রেডে থাকা দুই কর্মচারীর মূল বেতন এক নাও হতে পারে। কেউ কয়েক বছর চাকরি করে একাধিক বেতন বৃদ্ধির কারণে বেশি মূল বেতন পেতে পারেন, আবার একই গ্রেডে সদ্য যোগ দেওয়া কর্মচারীর মূল বেতন তুলনামূলক কম হতে পারে।
তাই নতুন বেতন নির্ধারণে মূলত তিনটি বিষয় গুরুত্বপূর্ণ—
৩০ জুন ২০২৬ তারিখে বর্তমান মূল বেতন
সংশ্লিষ্ট গ্রেড
নতুন বেতন স্কেলে ওই গ্রেডের বেতনক্রম
এরপর প্রজ্ঞাপনে নির্ধারিত বেতন নির্ধারণের নিয়ম অনুযায়ী নতুন মূল বেতন ঠিক হবে।
প্রথম পদ্ধতি: পুরোনো স্কেলের শুরুতে বেতন থাকলে
কোনো কর্মচারী যদি ৩০ জুন ২০২৬ তারিখে তাঁর বর্তমান বেতন স্কেলের প্রারম্ভিক ধাপে মূল বেতন পেয়ে থাকেন, তাহলে নতুন স্কেলেও সংশ্লিষ্ট গ্রেডের প্রারম্ভিক ধাপে তাঁর বেতন নির্ধারণ করা হবে।
উদাহরণ হিসেবে, কোনো কর্মচারী যদি ৩০ জুন ৯ হাজার ৩০০ টাকা থেকে ২২ হাজার ৪৯০ টাকা বেতনক্রমের প্রারম্ভিক ধাপ অর্থাৎ ৯ হাজার ৩০০ টাকা মূল বেতন পেয়ে থাকেন এবং তিনি ১৬তম গ্রেডের হন, তাহলে ১ জুলাই থেকে তাঁর নতুন মূল বেতন হবে ২১ হাজার ৯০০ টাকা।
কারণ নতুন বেতন স্কেলে ১৬তম গ্রেডের বেতনক্রম ২১ হাজার ৯০০ টাকা থেকে ৫২ হাজার ৯০০ টাকা।
অর্থাৎ পুরোনো স্কেলের প্রারম্ভিক ধাপে থাকা কর্মচারী নতুন স্কেলেও সংশ্লিষ্ট গ্রেডের প্রারম্ভিক ধাপে যাবেন।
দ্বিতীয় পদ্ধতি: বর্তমান বেতন প্রারম্ভিক ধাপের চেয়ে বেশি হলে
কোনো কর্মচারীর ৩০ জুনের মূল বেতন যদি পুরোনো বেতনক্রমের প্রারম্ভিক বেতনের চেয়ে বেশি হয়, তাহলে প্রথমে বর্তমান মূল বেতন ও পুরোনো স্কেলের প্রারম্ভিক বেতনের পার্থক্য বের করতে হবে।
এরপর সেই পার্থক্য নতুন বেতন স্কেলের প্রারম্ভিক বেতনের সঙ্গে যোগ করতে হবে।
যোগফল যদি নতুন বেতনক্রমের কোনো নির্ধারিত ধাপের সঙ্গে মিলে যায়, তাহলে সেটিই নতুন মূল বেতন হবে। আর যোগফল যদি নির্ধারিত কোনো ধাপের সঙ্গে না মেলে, তাহলে তার পরবর্তী উচ্চতর ধাপকে নতুন মূল বেতন হিসেবে নিতে হবে।
একটি উদাহরণ
ধরা যাক, ৩০ জুন একজন কর্মচারীর বেতন বৃদ্ধিসহ মূল বেতন ছিল ১৩ হাজার ৭৯০ টাকা। তার পুরোনো বেতনক্রম ছিল ১২ হাজার ৫০০ টাকা থেকে ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত।
১ জুলাই থেকে তাঁর জন্য প্রযোজ্য নতুন বেতনক্রম ২৫ হাজার টাকা থেকে ৬০ হাজার ৫০০ টাকা।
প্রথমে পুরোনো স্কেলের প্রারম্ভিক বেতন থেকে বর্তমান বেতনের পার্থক্য বের করতে হবে—
১৩,৭৯০ - ১২,৫০০ = ১,২৯০ টাকা
এরপর নতুন স্কেলের প্রারম্ভিক বেতন ২৫ হাজার টাকার সঙ্গে ১ হাজার ২৯০ টাকা যোগ করতে হবে—
২৫,০০০ + ১,২৯০ = ২৬,২৯০ টাকা
কিন্তু নতুন বেতনক্রমে ২৬ হাজার ২৯০ টাকা কোনো নির্ধারিত ধাপ নয়। তাই পরবর্তী উচ্চতর ধাপ হিসেবে তাঁর নতুন মূল বেতন হবে ২৬ হাজার ৩০০ টাকা।
এভাবেই ৩০ জুনের মূল বেতন থেকে নতুন স্কেলে বেতন নির্ধারণ করতে হবে।
যাঁদের ক্ষেত্রে সাধারণ নিয়ম প্রযোজ্য নয়
মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। সিনিয়র সচিবের মূল বেতন ১ লাখ ৬৪ হাজার টাকা।
এ ছাড়া গ্রেড-১-এর মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। সমমর্যাদার নির্ধারিত পদগুলোর ক্ষেত্রেও আলাদা মূল বেতন রয়েছে।
এসব ক্ষেত্রে সাধারণ দুই পদ্ধতির বেতন নির্ধারণের নিয়ম প্রযোজ্য হবে না।
নতুন বেতন একবারে পুরোটা কার্যকর হচ্ছে না
নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হলেও বর্ধিত বেতনের পুরো অংশ একসঙ্গে কার্যকর হচ্ছে না। ধাপে ধাপে নতুন বেতন বাস্তবায়ন করা হবে।
১ জুলাই ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত—
নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত বেতনের ৪০ শতাংশ পাবেন।
১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা বর্ধিত বেতনের ৫০ শতাংশ পাবেন।
১ জানুয়ারি ২০২৭ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত—
নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত বেতনের ৭০ শতাংশ পাবেন।
১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা বর্ধিত বেতনের ৭৫ শতাংশ পাবেন।
১ জুলাই ২০২৭ থেকে—
নতুন বেতন কাঠামোয় নির্ধারিত বেতন বৃদ্ধির ১০০ শতাংশ কার্যকর হবে।
নতুন স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হওয়ায় বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা প্রাপ্য বকেয়া বেতনও পাবেন।
প্রেষণ ও ছুটিতে থাকলে নতুন বেতন কীভাবে হবে
নিজ দপ্তরের বাইরে অন্য দপ্তর বা প্রতিষ্ঠানে প্রেষণে থাকা কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও নতুন বেতন নির্ধারণের নিয়ম রাখা হয়েছে।
প্রেষণে না থাকলে নিজ মূল দপ্তর বা প্রতিষ্ঠানে যে বেতন পাওয়ার অধিকারী হতেন, সেই ভিত্তিতেই তাঁর নতুন বেতন নির্ধারণ করা হবে।
এ ছাড়া ছুটিতে থাকা, সাময়িক বরখাস্ত থাকা এবং অবসর-উত্তর ছুটিতে থাকা কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের জন্যও আলাদা বিধান রয়েছে।
তবে কোনো কর্মচারীর অবসর-উত্তর ছুটি ৩০ জুন শেষ হয়ে ১ জুলাই অবসর কার্যকর হলে তিনি ১ জুলাই থেকে কার্যকর জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী নতুন বেতন নির্ধারণের সুবিধা পাবেন না।
একই পদে ৮ বছর পূর্ণ হলে উচ্চতর গ্রেড
নতুন বেতন কাঠামোয় পদোন্নতি ছাড়াই একই পদে দীর্ঘদিন কাজ করা কর্মচারীদের জন্যও বিশেষ বিধান রাখা হয়েছে।
কোনো স্থায়ী কর্মচারী পদোন্নতি ছাড়া একই পদে আট বছর পূর্ণ করলে এবং তার চাকরি সন্তোষজনক হলে নবম বছরে তাঁর পদের মূল স্কেলের পরবর্তী উচ্চতর গ্রেডে স্বয়ংক্রিয়ভাবে বেতন পাওয়ার সুযোগ থাকবে।
তবে এভাবে উচ্চতর গ্রেডে বেতন পাওয়া নিয়মিত পদোন্নতি হিসেবে গণ্য হবে না।
নিজের নতুন বেতন জানতে যা লাগবে
নতুন বেতন স্কেলে নিজের মূল বেতন নির্ধারণ করতে শুধু গ্রেডের প্রারম্ভিক বেতন দেখলে হবে না। ৩০ জুন ২০২৬ তারিখে নিজের মূল বেতন কত ছিল, পুরোনো স্কেলের প্রারম্ভিক বেতন কত এবং নতুন স্কেলে সংশ্লিষ্ট গ্রেডের বেতনক্রম কী এসব তথ্য মিলিয়ে হিসাব করতে হবে।
অর্থাৎ নতুন পে স্কেলে গ্রেড + ৩০ জুনের মূল বেতন + বেতন নির্ধারণের নিয়ম অনুসরণ করেই একজন সরকারি কর্মকর্তা-কর্মচারীর প্রকৃত নতুন মূল বেতন নির্ধারিত হবে।

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তন শুরু হয়েছে। উপকূলীয় এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পাশাপাশি রাজধানী ঢাকাতেও মঙ্গলবার সকালে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
১৮ মিনিট আগে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে সোনা ও রুপার দাম সমন্বয় করেছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
১ ঘণ্টা আগে

২০২৬ শিক্ষাবর্ষে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে স্কুল-কলেজের ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে এ উপলক্ষে ছুটি থাকবে।
১৩ ঘণ্টা আগে

সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য প্রতিদিনের রিয়ালের বিনিময় হার বেশ গুরুত্বপূর্ণ। দেশে পরিবারের কাছে টাকা পাঠানোর ক্ষেত্রে সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য কত, তা জানার আগ্রহ থাকে অনেকেরই।
১৩ ঘণ্টা আগে

প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য মালয়েশিয়ান রিংগিতের বিপরীতে বাংলাদেশি টাকার দাম বেশ গুরুত্বপূর্ণ।
১৩ ঘণ্টা আগে

দেশের মুদ্রাবাজারে প্রতিদিনই বিভিন্ন বৈদেশিক মুদ্রার দাম ওঠানামা করছে। এর মধ্যে প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে সিঙ্গাপুর ডলারের বিনিময় হারও অনেকের কাছে গুরুত্বপূর্ণ।
১৩ ঘণ্টা আগে

প্রবাসীদের জন্য আজ ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান, বাহরাইনসহ বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আজ কিছুটা কমেছে।
১৪ ঘণ্টা আগে

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি এলাকায় পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
১৫ ঘণ্টা আগে

দীর্ঘ অপেক্ষার পর সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলের গেজেট প্রকাশের পর বেতন কাঠামোর বিভিন্ন পরিবর্তন সামনে এসেছে। নতুন কাঠামোয় আগের মতোই মোট ২০টি গ্রেড রাখা হয়েছে। সর্বোচ্চ প্রথম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। তবে নতুন বেতন কাঠামোর আর্থিক সুবিধা একবারে পুরোপুরি কার্যকর হচ্ছে না। ধাপে ধাপে নতুন বেতন কার্যকর করা হবে।
১৫ ঘণ্টা আগে