ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

হাসান

রির্পোটার

খুলনা ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃ’ত্যু

২০২৬ ফেব্রুয়ারি ১২ ১২:৩৮:১৩
খুলনা ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃ’ত্যু

হাসান: খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রকে ঘিরে উত্তেজনার মধ্যেই এক বিএনপি নেতার মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটের দিকে ঘটে যাওয়া এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। তিনি নগরীর হাজী মহসিন রোড বাই লেন এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ভোটকেন্দ্রের বাইরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। খুলনা সদর থানায় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু অভিযোগ করেন, সকাল থেকেই কেন্দ্রের পরিবেশ অস্থির ছিল। তার দাবি, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ জামায়াতের প্রচারণায় যুক্ত থাকায় বাধা দিতে গেলে মহিবুজ্জামান কচিকে ধাক্কা দেওয়া হয়। এতে তিনি গাছের সঙ্গে আঘাত পান এবং মাথায় গুরুতর চোট লাগে— যা পরবর্তীতে তার মৃত্যুর কারণ হয়।

অন্যদিকে, জামায়াতের কেন্দ্র পরিচালক মাহবুবুর রহমান সম্পূর্ণ ভিন্ন দাবি তুলে ধরেছেন। তিনি জানান, বিএনপির পক্ষ থেকে নারী কর্মীদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ সময় বাধা দেওয়ার পরিস্থিতিতে একজন অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান। তার ভাষ্য অনুযায়ী, কোনো ধাক্কা বা মারধরের ঘটনা ঘটেনি। তিনি বলেন, আলিয়া মাদ্রাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করলে প্রকৃত ঘটনা পরিষ্কার হয়ে যাবে।

ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। ভিন্নমুখী অভিযোগের কারণে ঘটনাটির প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ