ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

হাসান

রির্পোটার

নির্বাচনের ঠিক আগে ৫০০ নেতাকর্মীর নতুন দলে যোগ, পাল্টে যাচ্ছে ভোটের চিত্র

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১২ ০০:৫৬:৩১
নির্বাচনের ঠিক আগে ৫০০ নেতাকর্মীর নতুন দলে যোগ, পাল্টে যাচ্ছে ভোটের চিত্র

হাসান: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র একদিন আগে গাইবান্ধার সাঘাটা উপজেলা রাজনীতিতে ঘটেছে উল্লেখযোগ্য দলবদল। উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা এবং সদস্যসচিব মমিতুল হক নয়নের নেতৃত্বে প্রায় ৫০০ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। নির্বাচনকে ঘিরে এই যোগদান স্থানীয় রাজনৈতিক সমীকরণে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঘুড়িদহ ইউনিয়নের ডাকবাংলো মোড় এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির নেতারা তাদের ফুল দিয়ে বরণ করেন। অনুষ্ঠানে অংশ নেন সাঘাটার বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টি, যুব সংহতি ও ছাত্র সংহতির সভাপতি–সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঘাটা উপজেলা বিএনপির সদস্যসচিব ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে ধানের শীষের প্রার্থী ফারুক আলম সরকার। তিনি নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে স্বাগত জানান এবং দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, শিক্ষা বিষয়ক সম্পাদক আসাদুল কবির রাঙ্গা, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা বিএনপির সদস্য ও শিল্পপতি কামরুজ্জামান সোহাগসহ স্থানীয় নেতারা। মাহমুদুন্নবী টিটুল বলেন, আসন্ন নির্বাচনের আগে এ ধরনের ব্যাপক যোগদান দলীয় সাংগঠনিক শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে বিএনপিতে যোগদানের খবর প্রকাশ্যে আসার পরই জাতীয় পার্টি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আতাউর রহমান আতা ও মমিতুল হক নয়নকে বহিষ্কার করেছে। গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি সরওয়ার মোহাম্মদ শাহিন তার ফেসবুক পোস্টে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের মামলার আসামি হওয়া এবং দলীয় নীতিমালা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ