ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

রাকিব

সিনিয়র রির্পোটার

নতুন পে-স্কেল: বাস্তবায়নে উচ্চপর্যায়ের কমিটি গঠন

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১০ ১২:১০:২১
নতুন পে-স্কেল: বাস্তবায়নে উচ্চপর্যায়ের কমিটি গঠন

রাকিব: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। জাতীয় বেতন কমিশন-২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটির জমা দেওয়া সুপারিশগুলো বিশ্লেষণ করে চূড়ান্ত প্রতিবেদন তৈরির লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

শক্তিশালী কমিটি, নেতৃত্বে মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে গঠিত এই কমিটিতে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সদস্যদের মধ্যে রয়েছেন—

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব

অর্থ বিভাগের সচিব

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব

আইন ও বিচার বিভাগের সচিব

হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ)

কী করবে এই কমিটি

তিনটি আলাদা কমিশনের সিভিল সার্ভিস, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর প্রস্তাবিত বেতন ও সুযোগ-সুবিধা সংক্রান্ত প্রতিবেদনগুলো গভীরভাবে পর্যালোচনা করবে কমিটি। সব দিক বিবেচনা করে একটি সমন্বিত চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া হবে। এই সুপারিশের ভিত্তিতেই নতুন পে-স্কেল বাস্তবায়নের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পে-স্কেল প্রক্রিয়ার পটভূমি

২০২৫ সালের ২৭ জুলাই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো তৈরির লক্ষ্যে ২১ সদস্যের একটি কমিশন গঠন করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে গত ২১ জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করেন কমিশন প্রধান জাকির আহমেদ খান। এখন নতুন কমিটির যাচাই-বাছাই শেষে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি ও সুবিধা সংক্রান্ত বিষয়টি চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ