ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

রাকিব

সিনিয়র রিপোর্টার

মির্জা আব্বাসের স্ত্রী রিটার্নিং অফিসারের কার্যালয়ে-ফলাফল নিয়ে রাজনৈতিক উত্তেজনা

২০২৬ ফেব্রুয়ারি ১৩ ০০:২৯:৪২
মির্জা আব্বাসের স্ত্রী রিটার্নিং অফিসারের কার্যালয়ে-ফলাফল নিয়ে রাজনৈতিক উত্তেজনা

রাকিব: ঢাকা-৮ আসনের ফলাফল নিয়ে দুই পক্ষের অভিযোগ ও পাল্টা অভিযোগ কেন্দ্র করে গভীর রাতে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিভাগীয় রিটার্নিং অফিসারের কার্যালয়। মঙ্গলবার রাতে অন্তত ৬টি কেন্দ্রে ফলাফল পরিবর্তনের চেষ্টা করার অভিযোগে ১১-দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী কার্যালয়ে উপস্থিত হন। এরপর সেখানে হাজির হন বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেন। তাঁর সঙ্গে থাকা প্রধান নির্বাচনি এজেন্ট শাহীন আহমেদ অভিযোগ করেন, সিদ্বেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইস্কাটন বালক উচ্চ বিদ্যালয়, পল্টনের পরিবার পরিকল্পনা কেন্দ্র, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রগুলোতে ফলাফল পাল্টানো হচ্ছে।

শাহীন আরও বলেন, “এই কেন্দ্রগুলোতে আমাদের প্রার্থী এগিয়ে থাকা সত্ত্বেও ফলাফল ঘোষণা করা হচ্ছে না। এজেন্টদের আটকে রেখে তিনবার ভোট গণনা করা হচ্ছে এবং বাতিল ভোট যুক্ত করে মির্জা আব্বাসকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।” অভিযোগ জানানোর পর দীর্ঘ দুই ঘণ্টা অবস্থানের পর রাত সাড়ে ১০টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারী কার্যালয় ত্যাগ করেন।

এর কিছুক্ষণ পর রাত পৌনে ১১টার দিকে কার্যালয়ে উপস্থিত হন আফরোজা আব্বাস। সূত্রের বরাতে জানা গেছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিযোগের ব্যাখ্যা চাওয়ার জন্য তাকে ডাকা হয়েছিল। তবে আফরোজা আব্বাসের আগমনের পর কার্যালয়ের বাইরে কয়েকশ বিএনপি নেতা-কর্মী মির্জা আব্বাসের পক্ষে স্লোগান দিতে শুরু করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, “নাসীরুদ্দীন পাটওয়ারী কিছু অভিযোগ করেছেন। আমরা সব বিষয় খতিয়ে দেখছি। তবে অফিসিয়ালি এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।”নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে কেন্দ্রগুলোর চূড়ান্ত ফলাফল যাচাই-বাছাই চলছে। এছাড়া ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে কার্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ