সিনিয়ার রিপোর্টার

হারানো, চুরি বা বিনষ্ট হওয়া পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে সরকার। এখন থেকে প্রথমবার পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত পাসপোর্ট ফি ছাড়া অতিরিক্ত কোনো দণ্ড ফি দিতে হবে না। তবে দ্বিতীয়বার থেকে প্রতিবার একই ঘটনা ঘটলে নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ১০ হাজার টাকা দণ্ড ফি দিতে হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন-৪ শাখা থেকে জারি করা এক পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়। এতে সই করেছেন উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান। পরিপত্রে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যসংখ্যক ব্যক্তি পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হওয়ার কথা জানিয়ে পুনঃইস্যুর আবেদন করছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পাসপোর্ট একটি সংবেদনশীল ভ্রমণ দলিল। এর অপব্যবহারের মাধ্যমে মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপসহ গুরুতর নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়ে হারানো, চুরি বা বিনষ্ট পাসপোর্টের পুনঃইস্যু প্রক্রিয়ায় নতুন নিয়ম করা হয়েছে।
পাসপোর্ট হারালে যা করতে হবে
নতুন নির্দেশনা অনুযায়ী, পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হওয়ার পর যত দ্রুত সম্ভব বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নির্ধারিত অনলাইন ব্যবস্থায় বিষয়টি জানাতে হবে। একই সঙ্গে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে।
জিডি করার পর সংশ্লিষ্ট থানা ৭২ ঘণ্টার মধ্যে এর সত্যতা যাচাই করে প্রতিবেদন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর অথবা নিকটস্থ পাসপোর্ট অফিসে পাঠাবে। তবে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন না পাওয়া গেলেও জিডির কপি সংযুক্ত করে পাসপোর্ট পুনঃইস্যুর আবেদন করা যাবে।
এরপর বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর ‘লস্ট সার্কুলার’ জারি করে নতুন পাসপোর্ট ইস্যুর কার্যক্রম সম্পন্ন করবে।
পাসপোর্ট আটকে রাখলেও মিলবে নতুন পাসপোর্ট
জিডি যাচাইয়ের সময় যদি দেখা যায়, ভিসা পাওয়ার জন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ট্রাভেল এজেন্সির কাছে পাসপোর্ট জমা দেওয়া হয়েছে এবং সেটি অবৈধভাবে আটকে রাখা হয়েছে, কিন্তু তাৎক্ষণিকভাবে ফেরত বা উদ্ধার করা সম্ভব নয়, তাহলে আগের পাসপোর্ট বাতিল করে নতুন পাসপোর্ট ইস্যু করা যাবে।
হারানো বা চুরি হওয়া পাসপোর্টের তথ্য পাওয়ার পর বিশেষ শাখা তাদের ইমিগ্রেশন ব্যবস্থাপনা ব্যবস্থায় প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করবে। প্রয়োজনে ইন্টারপোলকেও বিষয়টি জানানো হবে এবং বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিদেশে পাসপোর্ট হারালে
বিদেশে অবস্থানকালে পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত অনলাইন ব্যবস্থায় রিপোর্ট করার পাশাপাশি সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন বা কনস্যুলেটকে জানাতে হবে।
সংশ্লিষ্ট বাংলাদেশ মিশন ‘লস্ট সার্কুলার’ জারি করে পাসপোর্ট পুনঃইস্যুর প্রক্রিয়া সম্পন্ন করবে। একই সঙ্গে প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
নতুন পাসপোর্টে থাকবে বিশেষ উল্লেখ
হারানো, চুরি বা বিনষ্ট পাসপোর্টের পরিবর্তে নতুন পাসপোর্ট ইস্যুর সময় ডেটাপেজে স্পষ্টভাবে ‘প্রিভিয়াস পাসপোর্ট ইজ রিপোর্টেড টু বি লস্ট’ লেখা থাকবে। পাশাপাশি সংশ্লিষ্ট ডাটাবেজে আগের পাসপোর্টের ‘লস্ট/রিভোক’ অবস্থা হালনাগাদ করতে হবে।
হারানো বা চুরি হওয়া পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে আবেদনকারীর নাম, জন্মতারিখ, বাবার নাম ও মায়ের নামের মতো মৌলিক পরিচয়গত তথ্য সম্পূর্ণ পরিবর্তন করা যাবে না। তবে আইন ও বিধি অনুযায়ী অনুমোদিত সংশোধনের মাধ্যমে বৈধ তথ্য পরিবর্তনের বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা যাবে।
পাওয়া গেলেও পুরোনো পাসপোর্ট ব্যবহার করা যাবে না
আংশিকভাবে ক্ষতিগ্রস্ত বা বিনষ্ট পাসপোর্টের শনাক্তযোগ্য অংশ আবেদনকারীর কাছে থাকলে সেটি জমা দিয়ে নতুন পাসপোর্ট নেওয়া যাবে। তবে পাসপোর্ট সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেলে এবং শনাক্ত করার মতো কোনো অংশ দেখানো সম্ভব না হলে হারানো পাসপোর্টের ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম অনুসরণ করতে হবে।
এ ছাড়া হারানো বা চুরি হয়েছে বলে রিপোর্ট করে কোনো পাসপোর্ট বাতিল করার পর সেটি পরে পাওয়া গেলেও আর সক্রিয় করা যাবে না। বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও ওই পাসপোর্ট ব্যবহার করা যাবে না।
পাসপোর্টটি পরে পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে থানায় এবং নির্ধারিত অনলাইন ব্যবস্থায় বিষয়টি জানাতে হবে। বিদেশে অবস্থানকারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনকেও অবহিত করতে হবে। প্রয়োজনে কর্তৃপক্ষ ডাটাবেজ ও ইমিগ্রেশন সতর্কতা হালনাগাদ করবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হারানো, চুরি বা বিনষ্ট পাসপোর্ট পুনঃইস্যু সংক্রান্ত আগের পরিপত্র, আদেশ ও নির্দেশনা সমন্বয় ও সংশোধন করেই নতুন নির্দেশনা জারি করা হয়েছে। পরিপত্র জারির তারিখ থেকেই নতুন নিয়ম কার্যকর হয়েছে।

অগ্ন্যাশয়ের ক্যানসারকে অনেক সময় ‘নীরব ঘাতক’ বলা হয়। কারণ এই রোগের শুরুর দিকের লক্ষণগুলো বেশ সাধারণ হওয়ায় অনেকেই সেগুলোকে তেমন গুরুত্ব দেন না। ফলে রোগটি শনাক্ত হওয়ার আগেই শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ার সুযোগ পেয়ে যেতে পারে।
২৪ মিনিট আগে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কায় ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে ঝোড়ো বাতাসের আশঙ্কায় উপকূলীয় এলাকাগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
৪৯ মিনিট আগে

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়া এবং দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আলোচনায় থাকা সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের নেওয়া পদক্ষেপ এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার ওপর বিষয়টি নির্ভর করছে।
১ ঘণ্টা আগে

জ্বালানির দাম বাড়ার পর দেশের দূরপাল্লা ও নগর পরিবহনে বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লা ও রাজধানীসহ শহরাঞ্চলে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়ানো হবে।
৮ ঘণ্টা আগে

নবম জাতীয় বেতন স্কেলে সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়া অনলাইনে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে সম্পন্ন হবে। এ কারণে পে ফিক্সেশনের আগে জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্মতারিখ ও নিবন্ধিত মোবাইল নম্বরসহ ব্যক্তিগত তথ্য সঠিক আছে কি না, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তন শুরু হয়েছে। উপকূলীয় এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পাশাপাশি রাজধানী ঢাকাতেও মঙ্গলবার সকালে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
৯ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারি হওয়ার পর নতুন বেতন কাঠামো নিয়ে বিস্তারিত তথ্য সামনে এসেছে। নতুন ব্যবস্থায় ২০টি গ্রেড রাখা হয়েছে। একই সঙ্গে পুরোনো বেতন থেকে নতুন মূল বেতন কীভাবে নির্ধারণ হবে, সে বিষয়েও প্রজ্ঞাপনে স্পষ্ট নিয়ম দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে সোনা ও রুপার দাম সমন্বয় করেছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
১০ ঘণ্টা আগে

২০২৬ শিক্ষাবর্ষে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে স্কুল-কলেজের ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে এ উপলক্ষে ছুটি থাকবে।
২২ ঘণ্টা আগে