
রিপোর্টার

ভালো চাকরি ও উন্নত জীবনের স্বপ্ন নিয়ে রাশিয়ায় গিয়েছিলেন তারা। কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত পরিণত হলো মৃত্যুর মিছিলে। ইউক্রেন যুদ্ধের ভয়াবহতায় প্রাণ হারিয়েছেন আরও দুই বাংলাদেশি যুবক। নিহতরা হলেন মাদারীপুরের সুরুজ কাজী (৩৫) এবং কিশোরগঞ্জের জাহাঙ্গীর হোসেন (২৪)।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বার্তায় কুমিল্লার ইউসুফ খান নামের আরও এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে রুশ বাহিনীর হয়ে ইউক্রেন যুদ্ধে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৩৯ জনে।
নিহত সুরুজ কাজীর বাড়ি মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগড়াছড়া এলাকায়। পরিবার জানায়, সংসারের অভাব দূর করে পরিবারের জন্য ভালো ভবিষ্যৎ গড়ার আশায় তিনি রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। কিন্তু যুদ্ধক্ষেত্র থেকেই আসে তার মৃত্যুর খবর। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুরো পরিবারে নেমে আসে শোকের মাতম।
তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন সুরুজ। ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন বাবা শাহাবুদ্দিন কাজী। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “ভালো থাকার আশায় ছেলেটা বিদেশে গেল, কিন্তু আর ফিরল না। অন্তত শেষবারের মতো ছেলের মুখটা দেখতে চাই।”
পরিবারের জন্য আরও মর্মান্তিক বিষয় হলো, মাত্র তিন মাস আগে ঠান্ডাজনিত রোগে মারা যায় সুরুজের দুই বছরের শিশু সন্তান। সন্তানের মৃত্যুতে ভেঙে পড়া পরিবার সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই এবার স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার স্ত্রী সুমাইয়া আক্তার।
অন্যদিকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের বাগপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনও কয়েকদিন আগে যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন বলে জানিয়েছে তার পরিবার। এর আগেও চলতি মাসে একই জেলার রিয়াদ রশিদ নামের আরেক যুবক ড্রোন হামলায় নিহত হন।
এদিকে ভয়ংকর এক প্রতারণার অভিযোগ উঠেছে বিভিন্ন রিক্রুটিং এজেন্সি ও দালাল চক্রের বিরুদ্ধে। পরিবারের সদস্যদের দাবি, উচ্চ বেতনের চাকরি ও নাগরিকত্বের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি যুবকদের রাশিয়ায় নেওয়া হচ্ছে। সেখানে পৌঁছানোর পর অনেককে জোর করে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে।
গোপালগঞ্জের তিন যুবকের পরিবার অভিযোগ করেছে, নির্মাণ শ্রমিকের চাকরির আশ্বাসে তাদের রাশিয়ায় পাঠানো হয়েছিল। কিন্তু পরে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে যুদ্ধ করতে বাধ্য করা হয়। এ ঘটনায় একটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় রাশিয়ায় অবস্থানরত এক বাংলাদেশি তরুণ বলেন, চাকরির কথা বলে তাদের সাতজনকে নেওয়া হয়েছিল। পরে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। তার দাবি, তাদের মধ্যে তিনজন ইতোমধ্যেই মাইন বিস্ফোরণ ও ড্রোন হামলায় নিহত হয়েছেন।
তিনি আরও অভিযোগ করেন, একজন বাংলাদেশিকে রাশিয়ায় পাঠাতে পারলে দালালরা বিপুল অঙ্কের অর্থ পেয়ে থাকে। অনলাইনে চাকরি, নাগরিকত্ব ও মোটা বেতনের প্রলোভন দেখিয়ে যুবকদের সংগ্রহ করা হচ্ছে। পরে তাদের অনেককেই যুদ্ধক্ষেত্রে যেতে বাধ্য করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধের উদ্দেশ্যে যেন কেউ রাশিয়া বা ইউক্রেনে যেতে না পারে, সে বিষয়ে সরকার নজরদারি জোরদার করেছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছে বলেও জানানো হয়েছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর মধ্যে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
৭ ঘণ্টা আগে

টানা তিন দফা দাম কমার পর দেশের বাজারে এবার উল্লেখযোগ্য হারে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।
৮ ঘণ্টা আগে

দেশের ১২ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৯ ঘণ্টা আগে

রাজধানী ঢাকায় সপ্তাহের বিভিন্ন দিনে কোনো না কোনো এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। ফলে প্রয়োজনীয় কেনাকাটা করতে বাসা থেকে বের হওয়ার আগে সংশ্লিষ্ট মার্কেট খোলা আছে কি না, তা জেনে নেওয়া জরুরি।
১০ ঘণ্টা আগে

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন হলেও বাজারে হঠাৎ করে বড় ধরনের মূল্যবৃদ্ধির চাপ তৈরি হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তার মতে, দীর্ঘ ১১ বছর সরকারি কর্মচারীদের বেতন সমন্বয় করা হয়নি। বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় দীর্ঘ সময় পর বেতন সমন্বয়ের সিদ্ধান্ত যৌক্তিক।
১৯ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নতুন জাতীয় বেতনকাঠামো অনুমোদন করেছে মন্ত্রিসভা। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর জন্য যৌথ বাহিনী নির্দেশাবলিও অনুমোদন করা হয়েছে। নতুন জাতীয় বেতনকাঠামো কার্যকর হবে গত ১ জুলাই থেকে। তবে পুরো বেতনকাঠামো একসঙ্গে কার্যকর না হয়ে আগামী দুই বছরের মধ্যে তিন ধাপে বাস্তবায়ন করা হবে।
২১ ঘণ্টা আগে

দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২১ ঘণ্টা আগে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী রোববার নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার। এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়। ফলে নতুন পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান এখন সময়ের ব্যাপার।
২৩ ঘণ্টা আগে

নেপালের ভোটেকোশি নদীতে গত ২৬ আগস্টের ভয়াবহ আকস্মিক বন্যা শুধু প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতিই ঘটায়নি, দেশটির বিদ্যুৎ উৎপাদন ও রপ্তানি ব্যবস্থাতেও বড় প্রভাব ফেলেছে। বন্যায় একাধিক জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে নেপাল থেকে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
২৩ ঘণ্টা আগে