ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

হাসান

রিপোর্টার

এমপিদের বেতন কত? এবারে যত ধরণের সুবিধা পাবেন একজন সংসদ সদস্য

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৫ ০১:৪১:২৩
এমপিদের বেতন কত? এবারে যত ধরণের সুবিধা পাবেন একজন সংসদ সদস্য

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর নতুন সংসদ গঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। সর্বশেষ সরকারি গেজেট অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যরা রাষ্ট্র নির্ধারিত বিধি অনুসারে বেতন ও বিভিন্ন ধরনের ভাতা পান। এসব সুবিধা নির্ধারণ করা হয়েছে ‘মেম্বার অব পার্লামেন্ট (রিমিউনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার, ১৯৭৩’ আইনের আওতায়, যা সময়ের সঙ্গে কয়েকবার সংশোধিত হয়েছে। সর্বশেষ সংশোধন করা হয় ২০১৬ সালে।

মূল বেতন কাঠামো

সরকারি নির্ধারণ অনুযায়ী একজন সংসদ সদস্যের মাসিক মূল বেতন ৫৫,০০০ টাকা। তবে দায়িত্ব পালনের বাস্তবতা বিবেচনায় বেতনের পাশাপাশি বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা ও ভাতা যুক্ত থাকে, যা তাদের মোট প্রাপ্তি উল্লেখযোগ্যভাবে বাড়ায়।

মাসিক ভাতার বিবরণ

সংসদ সদস্যরা নিয়মিত দায়িত্ব পালনের জন্য নানা খাতে ভাতা পান। এর মধ্যে রয়েছে—

নির্বাচনী এলাকা পরিচালনা ভাতা: ১২,৫০০ টাকা

আপ্যায়ন ভাতা: ৫,০০০ টাকা

পরিবহন ভাতা: ৭০,০০০ টাকা (জ্বালানি, গাড়ি রক্ষণাবেক্ষণ ও চালকের বেতনসহ)

অফিস পরিচালনা ভাতা: ১৫,০০০ টাকা

লন্ড্রি ভাতা: ১,৫০০ টাকা

বিবিধ খরচ ভাতা: ৬,০০০ টাকা

গাড়ি আমদানি ও ভ্রমণ সুবিধা

সংসদ সদস্যদের শুল্ক, ভ্যাট ও কর ছাড়ে একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানির সুযোগ রয়েছে। পাঁচ বছরের মেয়াদ শেষ হলে আবার নতুন গাড়ি আমদানি করা যায়।দেশের ভেতরে ভ্রমণের ক্ষেত্রে তারা বিমান, রেল বা জাহাজের সর্বোচ্চ শ্রেণির টিকিটের দেড় গুণ পর্যন্ত ভাতা পেতে পারেন। সড়কপথে কিলোমিটারভিত্তিক ভাতাও প্রযোজ্য। এছাড়া বছরে ১,২০,০০০ টাকা ভ্রমণ ভাতা বা ট্রাভেল পাস নেওয়ার সুযোগ থাকে।

দৈনিক ভাতা ও বৈঠক উপস্থিতি

দায়িত্বস্থলে অবস্থানের সময় একজন এমপি ৭৫০ টাকা দৈনিক ভাতা এবং ৭৫ টাকা যাতায়াত ভাতা পান। অন্যদিকে সংসদের অধিবেশন বা কমিটির বৈঠকে উপস্থিত থাকলে দৈনিক ৮০০ টাকা ও যাতায়াত বাবদ ২০০ টাকা ভাতা দেওয়া হয়।

চিকিৎসা, বীমা ও টেলিফোন সুবিধা

সংসদ সদস্য ও তাদের পরিবার সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তাদের সমমানের চিকিৎসা সুবিধা ভোগ করেন। পাশাপাশি মাসিক ৭০০ টাকা চিকিৎসাভাতা দেওয়া হয়। দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে ১০ লাখ টাকার সরকারি বীমা সুবিধা রয়েছে। এছাড়া বছরে সর্বোচ্চ ৫ লাখ টাকার একটি ঐচ্ছিক অনুদান তহবিল ব্যবহারের সুযোগ থাকে।সরকারি খরচে বাসায় টেলিফোন সংযোগ এবং মাসিক ৭,৮০০ টাকা কল ও ভাড়া বাবদ বরাদ্দ দেওয়া হয়।

কর সুবিধা

সংসদ সদস্যদের প্রদত্ত সব ধরনের ভাতা আয়করমুক্ত হিসেবে বিবেচিত হয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ