ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

হাসান

রির্পোটার

পে-স্কেল, রিজার্ভ ও অর্থনীতি নিয়ে গভর্নরের গুরুত্বপূর্ণ বার্তা

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১১ ০১:০১:৫৪
পে-স্কেল, রিজার্ভ ও অর্থনীতি নিয়ে গভর্নরের গুরুত্বপূর্ণ বার্তা

হাসান: নতুন পে-স্কেল বাস্তবায়নের আগে রাজস্ব বা কর আদায় বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি সতর্ক করে বলেন, পর্যাপ্ত কর সংগ্রহ নিশ্চিত না করে সরকারি বেতন বৃদ্ধি করলে সরকারের ব্যাংক ঋণের চাপ আরও বাড়তে পারে এবং অর্থনীতিতে নতুন ঝুঁকি তৈরি হতে পারে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে জানুয়ারি–জুন সময়কালের নতুন মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থনীতি ও মূল্যস্ফীতি নিয়ে গভর্নরের উদ্বেগ

গভর্নর জানান, রাজস্ব আয় না বাড়িয়ে বেতন বৃদ্ধি করলে তা মূল্যস্ফীতিকে আরও উসকে দিতে পারে। তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা ও আস্থার সংকটের কারণে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় কম রয়েছে। একই সঙ্গে বাজেটে কাটছাঁট করলেও ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণ গ্রহণের হার বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন।

ব্যাংকিং খাত সংস্কারের প্রয়োজনীয়তা

ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করে গভর্নর ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার’ সংশোধনের কথা বলেন। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারে আর্থিক খাতের প্রয়োজনীয় সংস্কার নিয়ে সুস্পষ্ট প্রতিশ্রুতি দেবে।

ডলার রিজার্ভ পরিস্থিতি নিয়ে ইতিবাচক বার্তা

রিজার্ভ পরিস্থিতি নিয়ে আশাব্যঞ্জক তথ্য দিয়ে গভর্নর জানান—গত এক বছরে বাজার থেকে ৪ বিলিয়ন ডলার কেনা হয়েছে এবং রিজার্ভ থেকে কোনো ডলার বিক্রি করা হয়নি। আইএমএফ-এর শর্ত অনুযায়ী গত আগস্ট থেকেই দেশের রিজার্ভ সন্তোষজনক অবস্থায় রয়েছে, যা অতীতে দেখা যায়নি বলে তিনি উল্লেখ করেন।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভবিষ্যৎ পরিকল্পনা

মুদ্রানীতির সফলতা নিয়ে তিনি বলেন, মূল্যস্ফীতি ৭ শতাংশে নামানোর লক্ষ্য ছাড়া অন্যান্য সূচকে বাংলাদেশ ব্যাংক ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। তিনি স্পষ্ট করেন, বর্তমান পরিস্থিতিতে পলিসি রেট কমানোর পরিকল্পনা নেই। তবে বৈশ্বিক অর্থনীতির উন্নত পূর্বাভাসের কারণে ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ