
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা ভারত-বাংলাদেশ সম্পর্ক কি এখন বদলের পথে? ভারত কি এখন বিএনপিকে নতুন করে মূল্যায়ন করছে? এই প্রশ্নটি এখন আঞ্চলিক রাজনীতি এবং কৌশলগত সম্পর্কের প্রেক্ষাপটে জোরালোভাবে উঠছে।
বিশ্লেষকদের মতে, যদি বিএনপি ভারতের কিছু গুরুত্বপূর্ণ স্বার্থ ও দাবির বিষয়ে নমনীয় বা ইতিবাচক মনোভাব দেখায়, তাহলে দিল্লিও বিএনপির সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী হতে পারে।
গত কয়েক দশকে ভারতের সঙ্গে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। অপরদিকে, বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই ছিল কিছুটা শীতল এবং অবিশ্বাসভিত্তিক। দিল্লির রাজনৈতিক ও কূটনৈতিক মহলের একাংশ মনে করে, বিএনপির শাসনামল—বিশেষ করে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত—ভারতের জন্য একেবারে স্বস্তিদায়ক ছিল না। সে সময় দুই দেশের সম্পর্কের ভিত দুর্বল হয়ে পড়েছিল।
তবে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে, তারা ভারতবিরোধী নয়। বরং তারা চায়, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক হোক সমতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে।
২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসার পর বিএনপি দিল্লির সঙ্গে সম্পর্ক উন্নয়নের নতুন সুযোগ খুঁজেছিল। তাদের ধারণা ছিল, যেখানে কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, সেখানে বিজেপির সঙ্গে একটি ভিন্নধর্মী, নতুন সম্পর্ক গড়ে তোলা সম্ভব। কিছুটা অগ্রগতি হলেও, শেষপর্যন্ত তা দৃঢ় ও কার্যকর হয়ে উঠেনি।
এদিকে আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত একাধিক বিতর্কিত নির্বাচনে ভারতের নীরব সমর্থন অনেকটা বিএনপির মধ্যে ভারতের প্রতি অনাস্থার জন্ম দেয়।
তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর পাল্টে যাওয়া রাজনৈতিক বাস্তবতায়, বিএনপি-ভারত সম্পর্ক নতুনভাবে সাজানোর একটি সুযোগ তৈরি হয়েছে। দিল্লির কূটনৈতিক পর্যবেক্ষণ বলছে, এখন সময় এসেছে বিএনপিকে নতুন দৃষ্টিতে দেখার। কারণ একদিকে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, অন্যদিকে বিএনপির আবার সক্রিয় ও সম্ভাবনাময় রাজনৈতিক ভূমিকা পালনের সুযোগ তৈরি হয়েছে।
অনেকে মনে করেন, খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি এখন ভারতের জন্য একটি সম্ভাব্য ও কার্যকর অংশীদার হতে পারে। ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাসও স্বীকার করেছেন, তিনি বহুবার বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় ছিল।
ভারতের বিজেপি নেতা শমিক ভট্টাচার্যও বলেছেন, তারা বাংলাদেশে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চান। তবে তিনি এ-ও যোগ করেন, মৌলবাদী গোষ্ঠীগুলোর থেকে বিএনপিকে পরিষ্কারভাবে দূরত্ব বজায় রাখতে হবে।
সম্প্রতি জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির দূরত্ব বৃদ্ধি পাওয়াকে ভারতের কূটনৈতিক মহল ইতিবাচক দৃষ্টিতে দেখছে। যদিও এখনো ভারতের একটি বড় উদ্বেগ হলো, ২০০১-২০০৬ মেয়াদে বাংলাদেশের মাটিতে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সক্রিয়তা ও আশ্রয়।
সবকিছু মিলিয়ে ভারতের বর্তমান কৌশল বেশ পরিষ্কার—বাংলাদেশে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা, এবং যারাই ক্ষমতায় আসুক না কেন, তাদের সঙ্গে কার্যকর কৌশলগত সম্পর্ক গড়ে তোলা।
এই পটভূমিতে বিবিসি বাংলার প্রতিবেদক ইমতিয়াজ আহমেদের একটি প্রশ্ন এখন আগের চেয়ে অনেক বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে—“বিএনপিকে নিয়ে কী ভাবছে ভারত?”
–সোহাগ/

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আফসানা আক্তার রাহি (১৪) নামে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে রেখে যাওয়া একটি চিরকুটে তিনি ইসমাইল নামে এক যুবকের নাম উল্লেখ করেছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।
২০ ঘণ্টা আগে

মোবাইল ফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন ধরনের সাইবার প্রতারণার অভিযোগ উঠেছে। সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে অনেক মানুষ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশের নাম ব্যবহার করে পাঠানো সন্দেহজনক খুদে বার্তা পাচ্ছেন। এসব বার্তায় দাবি করা হচ্ছে, ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে এবং জরিমানা পরিশোধের জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
১ দিন আগে

পারিবারিক বিরোধ ও আর্থিক লেনদেনের জের ধরে গোপনে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় রোববার (৭ জুন) গভীর রাতে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকা থেকে অভিযুক্ত স্বামী-স্ত্রীকে আটক করা হয়।
১ দিন আগে

দেশের স্বর্ণবাজারে আবারও এসেছে স্বস্তির বার্তা। কয়েক দফা মূল্যবৃদ্ধির পর এবার উল্লেখযোগ্য হারে কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ফলে দেশের বাজারে স্বর্ণ ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
১ দিন আগে

সরকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের ব্যক্তিগত দপ্তরে দায়িত্ব পালনকারী সহকারী একান্ত সচিবদের (এপিএস) জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করেছে। সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তার বেতন ও ভাতা সংক্রান্ত বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে অর্থ বিভাগ, যা ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
১ দিন আগে

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে-স্কেল বাস্তবায়নের পথে বড় অগ্রগতি এসেছে। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা নিয়েছে সরকার। নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুলাই ২০২৬ থেকে নবম পে-স্কেলের আংশিক বাস্তবায়ন শুরু হতে পারে। এ লক্ষ্যে বাজেটে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
১ দিন আগে

রাতের নিস্তব্ধতা হঠাৎই ভেঙে দেয় ভূমিকম্পের ঝাঁকুনি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রোববার রাত ১১টা ৪০ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এই কম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে বাসা-বাড়ি ও বহুতল ভবন থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসেন।
১ দিন আগে

দেশজুড়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের আরও ভেতরে অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত এবং ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বিশেষ করে সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
২ দিন আগে

ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে দারুণ লড়াই করে ২–১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার (৫ জুন) মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল উত্তেজনাপূর্ণ লড়াই।
৩ দিন আগে